পুনঃঅর্থায়ন তহবিলের ৩৯ শতাংশ পেয়েছেন নারীরা
ক্ষুদ্র শিল্প খাতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে বিতরণ করা ঋণের ৩৯ শতাংশই পেয়েছেন নারী উদ্যোক্তারা।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, ২০০৪ সালে তহবিলটি চালুর পর থেকে গত মে মাস পর্যন্ত মোট ১ হাজার ৯৯৮ কোটি ৪৭ লাখ টাকা পুনঃঅর্থায়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর মধ্যে নারী উদ্যোক্তাদের দেয়া হয়েছে ৭৭৭ কোটি ৩৩ লাখ টাকা, যা মোট পুনঃঅর্থায়নের ৩৯ শতাংশ।
তুলণামূলক কম সুদ ও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেয়ার কারণে এ তহবিলে নারীর অংশগ্রহণ বেড়েছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তরা।
কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী বলেন, “স্বল্প সুদের এই ঋণ নিয়ে নারী উদ্যোক্তারা যাতে নিজেদের ব্যবসাকে ভালভাবে দাঁড় করাতে পারেন, সে লক্ষ্যে ঋণ বিতরণে নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। যে কারণে এই তহবিলে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।”
প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, মোট উদ্যোক্তাদের মধ্যে ৪৩ শতাংশ নারী। মোট ২২ হাজার ৩১২ জন উদ্যোক্তার মধ্যে নারী উদ্যোক্তার সংখ্যা ৯ হাজার ৪৪৮ জন।
২০০৪ সালে দেশে ক্ষুদ্র শিল্প ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকা নিয়ে ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ নামে এ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
নারী উদ্যোক্তাদের জন্য এ স্কিমের আওতায় বিশেষ কিছু সুবিধা রাখা হয়েছে।
এ স্কিমের নূন্যতম ১৫ শতাংশ অর্থ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত এবং ঋণের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ।
তাছাড়া এ স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদেরকে ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়া হয়। তহবিল ছাড়ের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়।
