২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন মোজাফফর আহমদ-স্বদেশ বোস

অর্থনীতি বিষয়ে গবেষণা ও চিন্তামূলক লেখালেখিসহ মৌলিক অবদানের স্বীকৃতি হিসেবে  ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৩’ (মরণোত্তর) পাচ্ছেন অর্থনীতিবিদ মোজাফ্ফর আহমদ এবং স্বদেশ রঞ্জন বোস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশের প্রথিতযশা পাঁচজন অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড এ পুরস্কারের জন্য মোজাফফর আহমদ এবং স্বদেশ রঞ্জন বোসকে মনোনীত করে।

অধ্যাপক মোজাফফর আহমদকে ব্যতিক্রমী ও বহুমাত্রিক গবেষক হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

“অর্থনীতির বিভিন্ন শাখা বিশেষ করে শিল্প, শিক্ষা, আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক, সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য, নাগরিক অধিকার, শ্রমিক সম্পর্ক, সুশাসন, পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশ ইত্যাদি বিষয়ের ওপর তিনি মৌলিক গবেষণা ও সুচিন্তিত মতামত প্রদান করেছেন, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।”

২০০৮ সালে এই অর্থনীতিবিদ একুশে পদকে ভূষিত হন।

স্বদেশ রঞ্জন বোস অর্থনীতির বিভিন্ন শাখায় অসামান্য অবদান রেখেছেন। তিনি অর্থনীতির বিভিন্ন শাখায় নীতি নির্ধারণী গবেষণার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন গতিধারা নির্ধারণে ভূমিকা রাখেন।

বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়কালে বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নের দিক নির্দেশনা প্রদানে তার গবেষণালব্ধ জ্ঞান অমূল্য ভূমিকা রাখতে সক্ষম হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রে দেশে-বিদেশে স্বদেশ রঞ্জন বোস প্রচুর খ্যাতি অর্জন করেন।

২০১০ সালে অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অর্থনীতি সমিতি তাকে মরণোত্তর স্বর্ণপদক দেয়। ২০১৩ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।