আরো ৪টি অর্থনৈতিক অঞ্চল
শিল্পায়ন বাড়াতে বাংলাদেশে চারটি ‘বিশেষ অর্থনৈতিক জোন’ গড়ে তুলতে যাচ্ছে সরকার।
সিরাজগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রামের আনোয়ারা ও মিরেরশরেইয়ে এসব অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯২ কোটি টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এ প্রকল্পসহ মোট তিন হাজার ৪০০ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
‘বাংলাদেশ ইকোনোমিক জোনস ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ - ১)’ শীর্ষক প্রকল্পের কার্যপত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে ৮০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।
২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনান্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) প্রকল্পটি সম্পর্কে বলেন, “ইপিজেডের সাথে এই চারটি অর্থনৈতিক জোনের পার্থক্য হলো ইপিজেডে শুধুমাত্র রপ্তানি নির্ভর পণ্য উৎপাদন করা হয়। কিন্তু বিশেষ অর্থনৈতিক জোনে সব ধরনের পণ্য উৎপাদন করা হবে।”
“সরকার জমি, গ্যাস লাইন, বিদ্যুৎ সরবরাহ করবে। বিনিয়োগকারীরা নিজেদের মতো করে অবকাঠামোগত উন্নয়ন করবে।”
দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে ‘মাল্টি-প্রডাক্ট’ শিল্প কারখানার প্রসার ঘটানো এবং কর্মসংস্থাপন বৃদ্ধির মাধ্যমে সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে শিল্পায়নের প্রসার ঘটানোই এ প্রকল্পের উদ্দেশ্য বলে জানান লোটাস কামাল।
এছাড়া সভায় তিন হাজার ১০৫ কোটি টাকার ‘ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেন্ট্রোরেশন প্রজেক্ট (ইসিআরপিএস)’ সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
জিওবি ও বৈদেশিক অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে।
বৈঠকে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর জন্য অবকাঠামো সুবিধা সম্প্রসারণ শীর্ষক ১৩৮ কোটি ৫৭ লাখ টাকার অপর একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ৬৮ কোটি ৫৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিক একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
