বাজেট অধিবেশন বসছে মঙ্গলবার
দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে মঙ্গলবার।
বিকাল ৫টা থেকে শুরু এই অধিবেশনেই আগামী ৫ জুন ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
গত ১৮ মে বাজেট অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বিকালে ৪টায় অধিবেশনের মেয়াদ নির্ধারণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে সংসদের কার্য উপদেষ্টা কমিটি।
অধিবেশনের প্রথম দিন, জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও এর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। পরে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মূলতুবি হবে।
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর প্রায় পুরো অধিবেশন জুড়েই বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।
গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ। গত ১০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়।
এদিকে সংসদ অধিবেশনকে সামনে যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ করে ফেলেছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রী এবারও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন।
সংসদ অধিবেশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, “বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ গ্যালারির সাউন্ড সিস্টেম ঠিক করা হয়েছে। আর সংসদকে ডিজিটাল করার অংশ হিসেবে এমপিদের দেওয়া হয়েছে মডেমসহ ল্যাপটপ।
“এবার সংসদ সদস্যরা ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় তথ্য পাবেন। যা তাদের বাজেট বক্তৃতার জন্য সহায়ক হবে।”
সরকার ও বিরোধী দলের আলোচনায় এবারের বাজেট অধিবেশন ‘প্রাণবন্ত’ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
