জেলা পরিষদ নির্বাচনের আশা দিলেন মুহিত
স্থানীয় সরকার শক্তিশালী করতে ‘শিগগিরই’ জেলা পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
“আমরা বেশ কিছুদিন ধরে জেলা পরিষদ নির্বাচনের কথা বলছি। কিন্তু করতে পারিনি, এবার করেই ছাড়ব। খুব শিগগিরই সরাসরি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সোমবার অর্থ মন্ত্রণালয়ে কৃষি ও কৃষকের বাজেট বিষয়ক এক আলোচনায় স্থানীয় সরকার শক্তিশালী করার প্রসঙ্গ টেনে এই কথা বলেন অর্থমন্ত্রী।
জেলা পরিষদগুলোতে বর্তমানে অনির্বাচিত প্রশাসক দায়িত্ব পালন করছেন, এই প্রশাসকদের প্রায় সবাই আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা।
স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে জেলা পরিষদে সরাসরি ভোটের দাবি বিভিন্ন মহল থকে উঠলেও এখনো এই নির্বাচন দিতে পারেনি সরকার।
গত ৪ মার্চ সংসদে এক প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচনের সময়সীমা সরকার নির্ধারণের প্রজ্ঞাপন সরকার জারি করলে ভোট সম্ভব হবে।
সরকার প্রজ্ঞাপন যেমন জারি করেনি, তেমনি নির্বাচন কমিশনও এখন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের কোনো প্রস্তুতি নেয়নি।
ইসির উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত ১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। আর কোনো জেলা পরিষদ নির্বাচন হয়নি।
সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেও আইনে জেলা পরিষদে প্রত্যক্ষ ভোটের বিধান নেই।
পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন পরোক্ষ ভোটে। অর্থাৎ জেলায় অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
‘কৃষি প্রণোদনা’
‘কৃষি ও কৃষকের বাজেট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কৃষি খাতের উন্নয়নে ভূমি প্রশাসনে সংস্কারসহ নানা ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বাজেটেও সে ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দেশের কৃষকদের পক্ষে অর্থমন্ত্রীর কাছে ৫৬ দফা সুপারিশ তুলে দেন শাইখ সিরাজ।
চ্যানেল আই-এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে এই নিয়ে দশমবারের মতো সরকারের কাছে কৃষি ও কৃষকের জন্য করণীয় শীর্ষক বাজেট সুপারিশমালা দেয়া হল।
এবারের ৫৬ দফা সুপারিশমালার মধ্যে রয়েছে কৃষিখাতের জন্য ২০ দফা, পোল্ট্রি শিল্পের জন্য ১২ দফা, মৎস্য খাতের জন্য ১৩ দফা এবং প্রাণিসম্পদ ও দুগ্ধ শিল্পের জন্য ১১ দফা।
২০০৫ সাল থেকে উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ জাতীয় বাজেট সম্পর্কে কৃষককে অধিকার সচেতন করে তোলা এবং বরাদ্দ, প্রত্যাশা ও চাহিদা নিরূপণের জন্য তৃণমূল পর্যায়ে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে আসছেন।
এবার দেশের পাঁচটি স্থানে ওই প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো ভোলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা ও জামালপুর।
