২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শিল্পে ঋণ বিতরণ কমেছে

শিল্প খাতে মোট ঋণ বিতরণ বাড়লেও গত বছরের তুলনায় নতুন শিল্প স্থাপনে ঋণ বিতরণ কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 08:39 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের ব্যাংকিং খাতে শিল্প ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৩৫৭ কোটি টাকা, যা ২০১২-১৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৪ শতাংশ বেশি।

এর মধ্যে চলতি মূলধন বাবদ বিতরণ হয়েছে ৯১ হাজার ৫০৮ কোটি টাকা। আর বাকী ৩০ হাজার ৮৪৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে মেয়াদি ঋণ হিসেবে।

গত অর্থবছরের প্রথম নয় মাসে শিল্প খাতে ১ লাখ ৯ হাজার ১১৪ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছিলো। এর মধ্যে চলতি মূলধন ছিলো ৭৭ হাজার কোটি টাকা। আর মেয়াদি ঋণ ছিলো ৩২ হাজার কোটি টাকা।

চলতি মূলধন হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের নিয়মিত উৎপাদন ঠিক রাখার জন্য যে ঋণ দেয়া হয় তাকে বোঝায়। আর নতুন শিল্প প্রতিষ্ঠান অথবা বর্তমান শিল্প প্রতিষ্ঠান সম্প্রসারণে যে ঋণ দেওয়া হয় সেটা মেয়াদি ঋণ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মেয়াদি ঋণ বিতরণ কমেছে এক হাজার ১৫১ কোটি টাকা বা ৩ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ নতুন শিল্প স্থাপন বা চলমান শিল্পের সম্প্রসারণ হয়নি। 

এর ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংক বলেছে, “বিগত অর্থবছরের রাজনৈতিক অস্থিরতা ও নতুন সরকারের প্রথম বছরের অনিশ্চয়তা কাটিয়ে উদ্যোক্তাদের মাঝে আস্থা ফিরে আসতে শুরু করেছে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা বাড়ছে, যা আগামীতে ক্রমাগতভাবে বাড়তে থাকবে বলে আশা করা যায়। এর ফলে শিল্প ঋণ প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।”

এবিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি’র সভাপতি ও ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ না করলে টার্ম লোন (মেয়াদি ঋণ) বাড়বে না। সম্প্রতি নতুন শিল্পের জন্য বিনিয়োগ কমেছে, যে কারণে মোট শিল্পঋণ বাড়লেও মেয়াদি ঋণ বাড়েনি।”

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি অর্থবছরের শুরু থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

হরতাল, অবরোধের মাধ্যমে ট্রেন, বাস, কারখানায় আগুন লাগানোর মতো সহিংস কর্মকাণ্ড করে রাজনৈতিক দলগুলো। এতে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে আস্থা হারিয়ে ফেলেন।