২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব বাড়াতে টাস্কফোর্স গঠনের সুপারিশ সংসদীয় কমিটির

আসন্ন বাজেটে করের আওতা বাড়ানো এবং টিআইএনধারীদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বর্তমানে দেশে ৫০ থেকে ৬০ লাখ টিআইএনধারী রয়েছেন। কিন্তু এদের মধ্যে মাত্র ১০ লাখ ট্যাক্স দেন।

“এছাড়া বিশাল সংখ্যক মানুষ করজালের বাইরে আছে। তাদের ট্যাক্সের আওতায় আনার পাশাপাশি নতুন ট্যাক্সধারীদের সনাক্ত করতে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে কমিটি,” বলেন তিনি।

এছাড়া বিদেশে বাড়ি কেনাসহ বিভিন্নভাবে দেশের টাকা পাচার বন্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আব্দুর রাজ্জাক বলেন, “অতীতে দেখা গেছে পুরনো প্রকল্প শেষ না করেই নতুন প্রকল্প নেয়া হয়। পরে দুটো প্রকল্পই অবাস্তবায়িত থেকে যায়। এই অবস্থার পরিবর্তনের জন্য পুরনো প্রকল্প শেষ করে নতুন প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়েছে।”

এছাড়া সংসদীয় কমিটি ব্যাংক ঋণের সুদ কমানোরও সুপারিশ করেছে।

সংসদীয় কমিটির সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে আসন্ন বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করেছেন।

সংসদীয় কমিটির সভাপতি বলেন, “এমপিওভুক্তির জন্য বরাদ্দ দেয়ার বিষয়ে মন্ত্রী ‘না’ বলেননি। তবে এই খাতে অবচয় রোধে তিনি খেয়াল রাখতে বলেছেন। কারণ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যেভাবে ঢালাও এমপিওভুক্তি করা হয়েছে তাতে সরকারের অনেক অর্থ গচ্চা যাচ্ছে। তাই আগে নীতিমালা পরিবর্তন করতে হবে।”

অর্থমন্ত্রী কমিটির প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান আবদুর রাজ্জাক।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রতিমন্ত্রী এম এ মান্নান, আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও আখতার হোসেন অংশ নেন।