‘অনুমোদনেই শেষ হয় প্রকল্প বাস্তবায়নের সময়’
সরকারের বড় প্রকল্পগুলো মধ্যমেয়াদী বাজেট কাঠামোর (এমটিবিএফ) বাইরে রেখে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে আলাদা বরাদ্দের প্রস্তাব করেছেন সচিবরা।
শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে সচিবরা এই প্রস্তাব করেন।
প্রায় সব মন্ত্রণালয়ের সচিবদের উপস্থিতিতে বৈঠকে শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের কাছ থেকে পাওয়া বাজেট প্রস্তাবনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, “একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করতেই প্রকল্পের বাস্তবায়নের সময় শেষ হয়ে যায় । ফলে প্রকল্প অনুমোদেন দীর্ঘসূত্রিতা দূর করে দ্রুত প্রক্রিয়া শেষ করার প্রস্তাব করেছেন সচিবরা।”
আগামী বাজেটে নতুন কোন সড়ক নির্মাণের পেছনে অর্থ বরাদ্দ হবে না বলে জানিয়ে মুহিত বলেন, “অনেক সড়ক নির্মাণ হয়েছে। কিন্তু মান সম্মত সড়ক হয়নি। আগামী বাজেটে নতুন সড়কের গুণগতমান উন্নয়ন করা হবে। এ কারণে সড়কের ব্যবস্থাপনা ব্যয় বাড়ানোর সিন্ধান্ত নেওয়া হয়েছে।”
অর্থমন্ত্রী বলেন,“সরকারি অফিসগুলোতে কাজের পরিবেশ আরো কার্যকর করার বিষয়ে সচিবদের সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের সব অফিসে কাজের চাপ এক রকম থাকে না। অনেক অফিসে দেখা যায় কাজের চাপ নেই। অলস সময় পার করছে । এ থেকে বের হয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।”
এছাড়া সরকারি অফিসে সরাকারি কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন কক্ষের বদলে নির্দিষ্ট স্থানে একসঙ্গে বসার ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। অফিসের কার্যকারিতা বাড়তে এ ব্যবস্থায় সচিবদের মত রয়েছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী জানান, সরকারি- বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) নিয়েও সচিবরা মতামত দিয়েছে। তার মতে পিপিপিতে কার্যকর কিছু হয়নি। কার্যকর না হওয়ার কারণ বের করতে একজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে তাকে প্রস্তাবনা তৈরি জানাতে বলা হয়েছে।
তিনি বলেন, “আগামীতে প্রত্যেক মন্ত্রণালয়কে ১০ শতাংশ দরপত্র ই-ট্রেন্ডারিংয়ের মাধ্যমে সম্পন্ন করার কথা বলা হয়েছে। এছাড়া মন্ত্রণায়গুলোকে যার যার কাজের অগ্রাধিকার তৈরি করে সারা বছর কীভাবে তা বাস্তবায়ন করবে তার জন্য ক্যালান্ডারিং বা দিক-নিদেশনা তৈরি করতে বলা হয়েছে।”
আওয়ামী লীগ সরকারের সময় দুইবারের অর্থমন্ত্রী মুহিত বলেন, “ওপর থেকে হুকুম দিয়ে নয়, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে মতামত নিয়ে বাজেট বাস্তবায়ন করতে হবে। জেলা থেকে তৈরি করে ‘জেলা বাজেট’ পাঠাতে বলা হবে।
স্কুল কলেজের এমপিওভুক্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এমপিও অকার্যকর একটি ব্যবস্থা। এর মাধ্যমে শুধুমাত্র শিক্ষকরা সুবিধা পাচ্ছে। আগামীতে এমপিও ব্যবস্থায় স্কুলের অবকাঠামো, শ্রেণী কক্ষ, শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা প্রভৃতি বিষয় বিবেচনায় এনে আর্থিক বরাদ্দ দেওয়া হবে।”
তবে আসন্ন বাজেটে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে জানান তিনি।
