২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেশিন রিডেবল পাসপোর্ট পাচ্ছেন আমিরাত প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা যাতে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) সুবিধা পান, সেজন্য আইরিশ কর্পোরেশন মালয়েশিয়ার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন,“সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আউট সোসিং পদ্ধতিতে আবেদনকারীর দোরগোড়ায় এমআরপি পৌঁছে দেয়ার জন্য পাসপোর্ট ফি’র অতিরিক্ত ১৩ মার্কিন ডলার সার্ভিস চার্জ হিসাবে গ্রহণ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, আইরিশ কর্পোরেশন মালয়েশিয়া ১০ লাখ এমআরপি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পৌঁছে দিবে। 

শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন

শিকলবাহা ২৫০ মেগাওয়াট কমবাইন সাইকেল (ডুয়েল ফুয়েল) পাওয়ার প্ল্যান্ট নির্মাণে দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, লারসেল এন্ড টারবো লিমিটেড ইন্ডিয়াকে এ কাজ দেয়া হয়েছে। এক হাজার ৭০৭ কোটি টাকা ব্যয়ে এ পাওয়ার প্লান্ট ১৮ মাসে নির্মাণ শেষ হবে।

এ দরপ্রস্তাব অনুমোদনে বেশি সময়ের প্রয়োজন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ এ প্রকল্পে ৪টি দাতা সংস্থা রয়েছে, আলাদা আলাদাভাবে এ প্রস্তাব অনুমোদন করতে হয়েছে।”

বিমানবন্দরে ২য় রানওয়ে নির্মাণ

শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে দ্বিতীয় রানওয়ে ও অন্যান্য স্থাপনা তৈরিতে দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কমিটির সভা শেষে অর্থমন্ত্রী বলেন,“ কোরিয়ার ইউসিন ইঞ্জিনিয়ারিং এ কাজ পেয়েছে।”

৩৮ কোটি টাকা ব্যয়ে ৩৬ মাসে প্রতিষ্ঠানটি এ কাজ করবে বলে জানান অর্থমন্ত্রী।

এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের নদী ড্রেজিং এর জন্য ড্রেজার ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্পের আওতায় ২৫৭ কোটি টাকা ব্যয়ে ক্রয়প্রস্তাব, ‘টিচার্স এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্সি’ নামের পরামর্শক ফার্ম নিয়োগের ক্রয়প্রস্তাব, ১৪টি পেট্রোলিয়াম স্টোরেজ ট্যাংক নির্মাণের কার্যাদেশ প্রদানের অনুমোদন দেয় হয় ক্রয়সংক্রান্ত কমিটির সভায়।