উদ্বৃত্তে টান
আমদানি বাড়ায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের উদ্বৃত্তে (ব্যালান্স অফ পেমেন্ট) টান পড়েছে।
চলতি অর্থবছরের মার্চ মাস শেষে উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ১৫১ কোটি ৭০ লাখ ডলারে।
ফেব্রুয়ারি পর্যন্ত উদ্বৃত্ত ছিল ২০২ কোটি ডলার।
আর ২০১২-১৩ অর্থবছরের পুরো সময়ে উদ্বৃত্ত ছিল ২৫২ কোটি ৫২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার লেনদেন ভারসাম্যের এই তথ্য প্রকাশ করেছে।
তাতে দেখা যায়, গতবারের ধারাবাহিকতায় চলতি অর্থবছরও লেনদেন ভারসাম্যে বড় উদ্বৃত্ত দিয়ে শুরু করে বাংলাদেশ, যে ধারা ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল।
৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর শিল্প বিকাশের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি, কাঁচামালসহ অন্যান্য পণ্য আমদানি বাড়ায় ২০১৩-১৪ অর্থবছরে প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) হিসাবে লেনদেন ভারসাম্যে উদ্বৃত্তের পরিমাণ কমে ১৫১ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
আমদানি সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরে জুলাই-মার্চ সময়ে দুই হাজার ৯৭৭ কোটি ৩৭ লাখ (২৯ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৭ শতাংশ বেশি।
আর সর্বশেষ মার্চ মাসে আমদানি ব্যয় সর্বোচ্চ ৫৪ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে; আমদানি ব্যয় হয়েছে মোট ৩৭৬ কোটি ৩০ লাখ ডলার।
এর আগে পণ্য আমদানি খাতে এক মাসে এতো খরচ করেনি বাংলাদেশ।
আমদানি বাড়ার কারণ বিশ্লেষণ করে অর্থনীতি বিশ্লেষক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ কথা ঠিক যে আমদানি ব্যয় বাড়ায় ব্যালান্স অফ পেমেন্ট কমছে। তবে এতে আশান্বিত হওয়ার কোনো কারণে নেই। ব্যবসায়ী-উদ্যোক্তারা এখনো পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করছেন। ‘ওয়েট অ্যান্ড সি’ পলিসি অনুসরণ করছেন তারা।
“আমদানি যেটা বাড়ছে সেটা দেশে বিনিয়োগ বা শিল্প বিকাশের জন্য খুব বেশি অবদান রাখছে না। মূলত ফুড (চাল ও গম) আমদানি বাড়ার কারণেই আমদানি ব্যয় বাড়ছে।”
টেলিযোযোগাযোগ খাতের থ্রি-জি মেশিনারি আমদানি বৃদ্ধির কারণে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে বলে মনে করেন তিনি।
জায়েদ বখত বলেন, “এবার আকুর বিলও রেকর্ড পরিমাণ পরিশোধ করতে হয়েছে। এ বিল সমন্বয়ের পর ব্যালান্স অফ পেমেন্ট কমে গেছে।
“সেক্ষেত্রে গত অর্থবছরের মত লেনদেন ভারসাম্যে বড় উদ্বৃত্ত নাও থাকতে পারে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে লেনদেন ভারসাম্যে ৪৪ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি (ঋণাত্মক) ছিল।
জুলাই-মার্চ সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে ৫০ শতাংশের বেশি। খাদ্য আমদানি বেড়েছে ৪০ শতাংশের মত।
নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় চলতি হিসাবের অন্তর্ভুক্ত। এই হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হল, নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।
বৃহস্পতিবার আকুর ১১৭ কোটি ১২ লাখ ডলারের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ।
দুই মাস অন্তর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) এই দেনা মেটায় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ- এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য।
এই দেশগুলো থেকে বাংলাদেশ যে সব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।
