বীমাদাবি পরিশোধে গড়িমসি, জনতা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহীর জরিমানা
সময়মত বীমা দাবি পরিশোধ না করায় জনতা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল হক খানকে এক লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
একইসঙ্গে বকেয়া বীমা দাবি সুদসহ আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।
আইডিআরএ জনতা ইন্স্যুরেন্সকে সোমবার এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইডিআরএ সুত্র জানায়, ২০১২ সালের ৪ জুলাই শাহী ক্রোকারিজের দোকানে আগুন লাগে। প্রতিষ্ঠানটির জনতা ইন্স্যুরেন্সে অগ্নিবীমা করা ছিলো। দুর্ঘটনার পর জনতা ইন্স্যুরেন্স ক্ষয়ক্ষতি নিরূপণে দুইটি প্রতিষ্ঠানকে যৌথ জরিপের জন্য নিয়োগ দেয়।
ওই বছরের ডিসেম্বরে জরিপকারী প্রতিষ্ঠান কনসেপ্ট ইন্সপেকশন এবং এম এম ইন্সপেকশন যৌথভাবে জরিপ করে ক্ষতির পরিমাণ ৯ লাখ ৮৬ হাজার ৫৮০ টাকা নিরুপণ করে।
পরে ২০১৩ সালের ৬ মে জনতা ইন্স্যুরেন্স দুটি চেকের মাধ্যমে ক্ষতিপূরণ হিসাবে ৮ লাখ টাকা বীমাগ্রহীতাকে দেয়। কিন্তু অবশিষ্ট এক লাখ ৮৬ হাজার ৫৮০ টাকা দেয়নি।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে জনতা ইন্স্যুরেন্স জানায়, “যেহেতু ক্ষতিপূরণ বাবদ বীমাগ্রহীতা ৮ লাখ টাকার ‘লস ভাউচার’ গ্রহণ করেছে এবং তা যথাযথভাবে পূরণ করে বীমাকারী কোম্পানিকে দিয়েছে, সে কারণে ক্ষতিপূরণে অবশিষ্ট টাকা দেয়ার কোন সুযোগ নেই।”
এ প্রেক্ষিতে শাহী ক্রোকারিজ আইডিআরএ’র কাছে ক্ষতিপূরণের অর্থ পেতে আবেদন করে।
গত ৪ মে আইডিআরএর কর্তৃপক্ষ, বীমা গ্রহীতা, জরিপকারী এবং অভিযুক্ত কোম্পানির মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়।
আইডিআরএ’র পক্ষে চেয়ারম্যান এম শেফাক আহমেদ, সদস্য কুদ্দুস খান, জুবের আহমেদ খাঁন এবং সুলতান-উল-আবেদীন মোল্লা শুনানিতে অংশ নেন।
এছাড়া শুনানিতে জনতা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী ফজলুল হক খান ও এসভিপি আনোয়ারুজ্জামান, কনসেপ্ট ইন্সপেকশনের মোহাম্মদ আলী ও এম এম ইন্সপেকশনের জুলফিকার মাহমুদ এবং শাহী ক্রোকারিজে শরফ উদ্দিন উপস্থিত ছিলেন।
শুনানি শেষে কোম্পানির নির্বাহী কমিটির দুইটি সভা অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও বীমা দাবি দেরিতে পরিশোধ করায় ‘বীমা আইন-২০১০’ এর ১৩০ ধারা অনুযায়ী মূখ্য নির্বাহী কর্মকর্তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বীমা আইনের ৭২ ধারা অনুযায়ী বীমা দাবির অবশিষ্ট এক লাখ ৮৬ হাজার ৫৮০ টাকা সুদসহ আগামী ৭ দিনের মধ্যে বীমা গ্রহীতাকে পরিশোধ করতে নির্দেশ দেয় আইডিআরএ।
