২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি কমছে: বিবিএস

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ক্রমান্বয়ে মূল্যস্ফীতি কমছে বলে জানিয়েছেন পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 12:30 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

বুধবার মূল্যস্ফীতি হালনাগাদ তথ্য সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পয়েন্ট টু পয়েন্ট (মাসওয়ারি) ভিত্তিতে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ। মার্চে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

রাজধানীর আগারগাঁওয়ে পরিসংসখ্যান ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিবিএস মহাপরিচালক বলেন, “দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় পণ্য পরিবহন স্বাভাবিক ছিল। এতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত পণ্য পরিবহনের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী সরবরাহ করা গেছে।

“মাঠ পর্যায়ে সামঞ্জস্য থাকার কারণেই গত কয়েকমাসে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে।”

পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক বলেন, “খাদ্য এবং খাদ্য-বহির্ভুত উভয় খাতেই মূল্যস্ফীতি নিম্নমুখী।”

তিনি জানান, এপ্রিলে খাদ্য খাতে সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ ছিলো ৮ দশমিক ৯৫ শতাংশ, যা মার্চে ছিল ৮ দশমিক ৯৬ শতাংশ।

এছাড়া এপ্রিলে খাদ্য-বহির্ভুত খাতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ২৬ শতাংশ, যা গত মার্চে ছিল ৫ দশমিক ২৩ শতাংশ।

মোস্তফা কামাল বলেন, চলতি ২০১৩-১৪ অর্থ বছরে সরকার গড় সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ ৭ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিলো সরকার।

“আমরা আশা করছি অর্থ বছরের শেষ নাগাদ ক্রমান্বয়ে মূল্যস্ফীতি বাজেটে ঘোষিত লক্ষ্যমাত্রায় নামিয়ে আনা সম্ভব হবে।”  

এই অর্থবছরের আর দুই মাসের তথ্য প্রকাশ বাকি আছে। এরইমধ্যে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু হয়েছে।

৫ জুন জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম এবং নিজর অষ্টম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থবছরের দশ মাসের হিসাবে (এপ্রিল পর্যন্ত) গড় মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। বাকি দুই মাসে এই মুল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে বলে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আশা প্রকাশ করেন। 

গত বছর অগাস্ট মাস থেকে ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করছে পরিসংখ্যান ব্যুরো। এর আগে প্রায় এক বছর ১৯৯৫-৯৬ এবং ২০০৫-০৬ দুই ভিত্তিবছরের হিসাবেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হতো।

তার আগে দীর্ঘদিন ১৯৯৫-৯৬ বছরকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হত।