বিনিয়োগ বৃদ্ধি আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ: সিপিডি
নির্বাচনের আগের রাজনৈতিক অস্থিরতা কাটলেও অনিশ্চয়তা বিরাজমান থাকায় বিনিয়োগ ও বাণিজ্য আশানুরূপ গতি পাচ্ছে না।
অর্থনীতিকে গতিশীল করতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোকেই আসন্ন বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মত দেয় সংস্থাটি।
সম্মেলনে মূল প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
তিনি বলেন, “বলা হয়ে থাকে, পরিস্থিতি যা-ই থাকুক না কেন বাংলাদেশের অর্থনীতি ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। এজন্য ৬ শতাংশ প্রবৃদ্ধিকে এখন বাংলাদেশি প্রবৃদ্ধি বলা হচ্ছে।
“কিন্তু এবার তা হচ্ছে না। এই যে স্বাভাবিক অবস্থা থেকে বাংলাদেশের অর্থনীতি সরে গেছে তা ফিরিয়ে আনাই আগামী বাজেটের প্রধান চ্যালেঞ্জ। এজন্য বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে।”
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে যে রাজনৈতিক অস্থিরতা ছিলো তা কেটে গেছে। কিন্তু নির্বাচন পরবর্তী যে অবস্থার সৃষ্টি হয়েছে তা হলো- রাজনৈতিক অনিশ্চয়তা, যেটা এখনো কাটেনি। একারণে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য আশানুরূপ গতি পাচ্ছে না।
রাজনৈতিক সমস্যার কারণে আস্থার সংকটকেই বিনিয়োগ কম হওয়ার কারণ হিসেবে দেখছে সংস্থাটি।
বিনিয়োগ বাড়াতে অভ্যন্তরীণ বাজারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি সুদে ঋণ, তৈরি পোশাকবহির্ভূত অন্যান্য রপ্তানি পণ্যে প্রণোদনা দেয়া ও ইডিএফ তহবিল বাড়ানোর প্রস্তাব করেছে সিপিডি।
এছাড়া সরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য পদ্মা সেতু, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, গভীর সমুদ্র বন্দর ও এলএনজি টার্মিনালের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাজেটে বরাদ্দ রাখারও পরামর্শ দেয় সিপিডি।
সংবাদ সম্মেলনে সিডিপির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য়, গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান ও খোন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।
