শিল্পের লাভ শ্রমিকদের জন্য ব্যয়ে সরকারের উদ্যোগ
বাংলাদেশের বেসরকারি শিল্প কারখানাগুলোর বার্ষিক লাভের একটি অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দিতে মালিকদের উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে আগামী ১ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে সাতটি প্রতিষ্ঠান তাদের বছরে লাভের একটি অংশের চেক শ্রমিক কল্যাণে ব্যয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবে।
মে দিবসে সরকারি অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমসচিব মিকাইল শিপার এই তথ্য জানান।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে বছরে কমপক্ষে এক কোটি টাকা লাভ হয় সেসব প্রতিষ্ঠানকে এই ফাউন্ডেশনে মোট লাভের শূন্য দশমিক ৫ ভাগ জমা দেয়ার বিধান রয়েছে।
২০০৮ সালে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হলেও এখন পর্যন্ত ১৯টি প্রতিষ্ঠান এই ফাউন্ডেশনে ৫০ কোটি টাকা জমা দিয়েছে। এরমধ্যে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পের কোনো প্রতিষ্ঠান নেই, যে খাতে শ্রমিকের সংখ্যা প্রায় ৪০ লাখ।
সচিব বলেন, অন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে এই তহবিলে টাকা দিতে আগ্রহী হয় সেজন্য প্রধানমন্ত্রী নিজে সাতটি প্রতিষ্ঠানের চেক গ্রহণ করবেন।
“এ থেকে অন্য প্রতিষ্ঠানগুলোও উদ্বুদ্ধ হবে বলেই আমরা মনে করছি। পাশাপাশি যারা এখনো এই ফাউন্ডেশনে টাকা জমা দেয়নি তাদেরকেও লাভের টাকা দিতে বলা হবে।”
এছাড়া প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড যদি অব্যাহতভাবে টাকা জমা না দেয় তবে প্রতিষ্ঠানের লভাংশ ঘোষণার তিন মাস পর থেকে প্রত্যেক দিনের জন্য পাঁচ হাজার টাকা করে জরিমানার বিধানও রয়েছে।
সচিব বলেন, “জরিমানার দিকে না গিয়ে প্রতিষ্ঠানগুলো যাতে স্বেচ্ছায় এই ফাউন্ডেশনে টাকা দেয় এবিষয়ে তাদের বলা হবে। আশা করছি বড় তহবিল গঠন করা যাবে। আর এই টাকা শ্রমিকদের পেছনেই খরচ হবে।”
২০০১ সালের পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, দেশে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮১৮টি।
তবে গত ১৩ বছরে এ সংখ্যা কমপক্ষে ১০ শতাংশ বেড়েছে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
‘শ্রমিক মালিক বিভেদ ভুলি সোনার বাংলা গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে এবার মে দিবস পালন করতে যাচ্ছে সরকার।
শ্রম মন্ত্রণালয়ের উদ্যেগে ওইদিন শোভাযাত্রা, আলোচনা সভা ছাড়াও জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। রাজধানীর বিভিন্ন সড়ক মে দিবসের স্লোগান সম্বলিত ব্যানার দিয়ে সাজানো হবে।
