এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে ৯ শতাংশ
চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে প্রায় ২২ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
সোমবার এসএমই ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০১৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ২১ হাজার ৫৩ কোটি বিতরণ করা হয়েছে, গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৭৯ শতাংশ বেশি।
গত বছরের এই সময়ে ঋণ বিতরণ করা হয়েছিল ১৯ হাজার ৩৫২ কোটি টাকা।
চলতি বছর দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই এসএমই খাতে ৮৮ হাজার ৫৩৭ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরেছে।
গত বছর এখাতে ৭৪ হাজার ১৮৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৫ হাজার ৩২৩ কোটি টাকা ঋণ বিতরণ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে এসএমই খাতে বিতরণ করা ঋণের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো দিয়েছে ২০ হাজার ১১৪ কোটি টাকা, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৫২২ কোটি কোটি টাকা বা ৮ দশমিক শূন্য ৫ শতাংশ বেশি।
গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ খাতে ঋণ বিতরণ করা হয়েছিলো ১৮ হাজার ৮৯৩ কোটি টাকা।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে ঋণ দিয়েছে ৬৩৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭৮ কোটি টাকা বা ৩৮ দশমিক ৯১ শতাংশ বেশি।
এসএমই ঋণ বিতরণে সন্তোষ প্রকাশ করে এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএমই ঋণ বিতরণ বাড়াতে আমরা সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। এছাড়া ব্যাংকগুলোও এখন এসএমই খাতে ঋণ বিতরণে এগিয়ে এসেছে। ফলে এসএমই খাতে ঋণ বিতরণ বাড়ছে।”
