প্রত্যক্ষ কর বাড়ানোর প্রস্তাব সংসদীয় কমিটিগুলোর
আসন্ন বাজেটে প্রত্যক্ষ করের আওতা বিস্তৃত করে রাজস্ব আয় বাড়ানোর প্রস্তাব করেছেন বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা।
রোববার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় এই সুপারিশ করেন তারা। আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
আলোচনায় অংশ নিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “একেকটা করপোরেট প্রতিষ্ঠানের হাতে হাজার হাজার একর জমি পড়ে রয়েছে। তারা শুধু সাইন বোর্ড লাগিয়ে জমির দখলে রয়েছে। অথচ দেশি-বিদেশি অনেক উদ্যোক্তা জমির অভাবে শিল্প কারখানা করতে পারছে না।
“এজন্য একটা আইন করা যেতে পারে যে, কোনো জমি কেউ কিনলে তার তিন বছরের মধ্যে শিল্প কারখানা করতে হবে। আর তা না করতে পারলে সরকার ওই জমি বাজার দরে কিনে নিয়ে যে শিল্পের জন্য জমি পাচ্ছে না তাকে দেবে।”
এছাড়া প্রত্যক্ষ কর বাড়ানোর উদ্যোগ নেওয়া, পোল্ট্রি ও ফিস ফিডে ভর্তুকী দেয়ার এবং সঞ্চয়পত্রের ওপর থেকে কর তুলে নেওয়ার প্রস্তাব করেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফ বলেন, “করের আওতা না বাড়িয়ে কোনো বিকল্প নেই। প্রত্যক্ষ আয় না বাড়ানো গেলে অর্থনীতি রক্ষা করা যাবে না।”
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ বলেন, “দেশের জনসংখ্যা বাড়ছে, কিন্তু জমি বাড়ছে না। বর্ধিত জনসংখ্যার জন্য কর্মসংস্থান দরকার। আর সেজন্যই দরকার পরিকল্পিত শিল্পায়নের ব্যবস্থা করা। এজন্য জমি ব্যবহারে নীতিমালা করা দরকার।”
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান রমেশ চন্দ্র সেন বলেন, “সরকারকে আয় বাড়াতে হবে। এজন্য প্রত্যক্ষ কর বাড়ানোই শ্রেষ্ঠ ব্যবস্থা।”
এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আফছারুল আমীন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মুন্নুজান সুফিয়ান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীও বক্তব্য রাখেন।
এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ফজলে রাব্বী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী আগামী বাজেটে দেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
তিনি বলেন, “বাংলাদেশের একটাই সমস্যা, সেটা হলো বিনিয়োগ কম। এই বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আমরা বাজেটে উদ্যোগ নেব। বিদ্যুৎ উৎপাদন বাড়ানো ও অবকাঠামো সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হবে।”
সমাপনী বক্তব্যে মুহিত বলেন, “আয় বাড়ানোর জন্য গত বাজেটের মতো এবারো জমির দাম বাড়ানো হবে। তবে তা কতটা বাড়ানো হবে এখনই কিছু বলা যাচ্ছে না। ট্যাক্স নেটও বাড়ানো হবে।”
অর্থমন্ত্রী বলেন, “কে কতটা জমি নিতে পারবে তার একটা সীমা আরোপ করা যেতে পারে। পাশাপাশি জমি কেনার জন্য শর্ত আরোপ করা যেতে পারে।
“এছাড়া ঢাকায় আর কোনো শিল্প কারখানা করা যাবে না বলেও সরকারি পর্যায়ে একটা ঘোষণা দেওয়া উচিত।
“পুঁজি পাচার হচ্ছে এটা আমরা সবাই বুঝি। কিন্তু কি উপায়ে যাচ্ছে তা ধরা যাচ্ছে না। গোয়েন্দা সংস্থা, রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে খোঁজ নিতে পারে।”
