করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা চায় ডিসিসিআই
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা করার সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে চেয়ারম্যান গোলাম হোসেনের সঙ্গে দেখা করে নতুন বাজেট বিষয়ে প্রস্তাব দেন ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান।
প্রস্তাবে সংগঠনের পক্ষ থেকে ৫৯ দফা সুপারিশমালা তুলে ধরা হয়, যার মধ্যে ব্যক্তিশ্রেণির পাশাপাশি নারী ও বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্যও করমুক্ত আয়ের সীমা বাড়ানোর কথা বলা হয়েছে।
ডিসিসিআইর সুপারিশে বলা হয়েছে, “চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হোক।”
নারী করদাতা ও বয়স্ক নাগরিকের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার এবং প্রতিবন্ধীদের জন্য ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে।
ব্যক্তি শ্রেণির আয় ৫ লাখ টাকার বেশি হলে ২০ শতাংশ হারে করারোপের সুপারিশ করা হয়।
এছাড়া তালিকাভুক্ত কোম্পানির মুনাফার উপর আরোপিত কর্পোরেট কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ, মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত প্রস্তাবে বার্ষিক টার্নওভার ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা নির্ধারণ এবং টার্নওভার ট্যাক্সের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার সুপারিশ করেছে ডিসিসিআই।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে বিদ্যমান হারে বিশেষ থোক বরাদ্দ অব্যাহত রাখার প্রস্তাব করেছে সংগঠনটি।
কুটির শিল্পে মূসক অব্যাহতির জন্য ‘প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ’ ও ‘ইকুইপমেন্টে’ বিনিয়োগকৃত মূলধনের সীমা অনধিক ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করার সুপারিশ করা হয়।
এছাড়া চেম্বার ও ট্রেড অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে সব ধরনের আয়কর আগের মতই করমুক্ত রাখা এবং প্লাস্টিক পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ হারে নগদ প্রণোদনা দেয়ার প্রস্তাব করেছে ডিসিসিআই।
আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের ফলে সৃষ্ট ক্ষতির বিষয়টি বিশেষ বিবেচনায় নিতে এনবিআরের প্রতি আহ্বান জানান শাহজাহান খান।
এসময় ডিসিসিআইআয়ের সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম ও পরিচালক হায়দার আহমদ খান উপস্থিত ছিলেন।
