২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দাবি নারী উদ্যোক্তাদের

নিজেদের জন্য আলাদা একটি অর্থনৈতিক অঞ্চলের দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তা সম্মেলনে আসা দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচশ’রও বেশি উদ্যোক্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 09:12 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)  সভাপতি রোকেয়া আফজাল রহমান নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “স্বল্প সুদে ঋণ নিয়ে নারী উদ্যোক্তারা নতুন নতুন পণ্য তৈরি করছেন। নারী উদ্যোক্তাদের কাছ থেকেই শতভাগ ঋণ ফেরত পাওয়া যায়। নারী উদ্যোক্তাদের মাধ্যমে অনেক পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই আমরা তার অনেক প্রমাণ দেখতে পাচ্ছি।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর জামালপুরের নারী উদ্যোক্তা দেলোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে আমরা আমাদের উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে পারবো। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি ভারি শিল্পকারখানাও প্রতিষ্ঠা করতে পারব। একইসঙ্গে পণ্যের মান বাড়ানো ও বৈচিত্র্য আনা সহজ হবে।”

দেলোয়ারা বেগমের মত অনেক উদ্যোক্তাই তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানান।

উদ্যোক্তাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করে গর্ভনর বলেন, “নারী উদ্যোক্তাদের এই যৌক্তিক দাবি সরকারের সর্বোচ্চ মহলে জানাবেন।”

দেশে কার্যরত ব্যাংক ও আথিক প্রতিষ্ঠান, কেয়ার বাংলাদেশ ও জাইকা বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগামস্ বিভাগ দিনব্যাপী সম্মেলন ও পণ্য প্রদর্শনীর আয়োজন করে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৭৮টি স্টলে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

নারী উদ্যোক্তাদের পর্যাপ্ত ঋণ সহায়তার আশ্বাস দিয়ে গভর্নর বলেন, “পুরুষতান্ত্রিক সমাজে পেছনমুখো মনোভাব নারীর ক্ষমতায়নে বড় বাধা। তবে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অর্থায়ন কোন বাধা নয়। কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত এসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলের ১৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

“এই তহবিলের আওতায় নারী উদ্যোক্তারা এখন শুধুমাত্র ব্যক্তিগত জামানতের বিপরীতে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। ক্ষুদ্র নারী উদ্যোক্তারা গ্রুপ গঠন করে ৫০ হাজার টাকা বা তার বেশি ঋণ নিতে পারছেন। প্রয়োজন হলে এই তহবিলের আকার আরো বাড়ানো হবে। নারী উদ্যোক্তারা যতটা প্রয়োজন ততটা ঋণই এখান থেকে নিতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্নিত করতে নারীদের আরও বেশি করে ব্যবসার সঙ্গে যুক্ত করতে হবে। তাঁদের জন্য ব্যবসায়িক পরিবেশ, উৎসাহ ও বাজারজাতের ব্যবস্থা করতে হবে।”

ব্যাংকগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়া সিএসআর মনে করবেন না, এটি এখন লাভজনক ব্যবসার একটি মডেল।”

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, “দেশে মাত্র সাতটি ওমেন চেম্বার আছে। আশা করি সব জেলাতেই এমন চেম্বার হবে। তবেই নারী উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা সহজ হবে।”

তিনি উপস্থিত উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বৃদ্ধির পরামর্শ দেন।