২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগহীনতায় পার পাচ্ছে শুল্কায়নের দুর্নীতি: অর্থমন্ত্রী

শুল্কায়নে দুর্নীতি থাকলেও অভিযোগ না থাকায় সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 09:00 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “শিল্প ও শুল্কায়নে দুর্নীতি আছে। এটা আমরা সবাই জানি এবং বলেও থাকি। কিন্তু নালিশ কম হয়।

“নালিশ না করলে তো আর দুর্নীতি থাকে না, স্বাভাবিক হয়ে যায়। সবাই তা মেনে নেয়। তবে যেসব দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।”

নওগাঁর সংসদ সদস্য ইসরাফিল আলম অর্থমন্ত্রীর কাছে ব্যাংকের টাকা লুটের ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের বরখাস্ত করার কারণ জানতে চান।

‘এটা হলে ব্যাংকিং কার্যক্রম চলবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, “শাস্তি দেয়া হয়েছে তাদের যারা সংশ্লিষ্ট ছিলেন। কিছু কর্মকর্তার বিরুদ্ধে নামে মামলা হয়েছে যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল বলে মনে করা হচ্ছে।

“হলমার্কের ঘটনায় যারা ইনভলভ ছিল তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।”

চট্টগ্রামের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “দেশের বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক মন্দার প্রত্যক্ষ প্রভাব রাজস্ব আদায়ের উপর পড়েছে। এ কারণে দেশের বিনিয়োগ, আমদানি ও রপ্তানি বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে সরকার কর্তৃক স্থিরকৃত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।

“সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকার লক্ষ্যমাত্রা পুনঃনির্ধারণের উদ্যোগ নিয়েছে।”

অর্থমন্ত্রী জানান, চলতি ২০১৩-১৪ অর্থ-বছরে দেশে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা (জাতীয় রাজস্ব বোর্ডের অংশ) একলাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা।

লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় ও প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ার ১০টি কারণ উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এগুলো হলো- “পূর্ববর্তী বছরের তুলনায় আয়কর রিটার্ন ও রিটার্নের সাথে আদায়কৃত আয়কর কম হওয়া। বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রেয়াতের পরিমান ও হারের পরিবর্তন। আমদানি পর্যায়ে উৎস কর হতে আদায়ের পরিমান কমে যাওয়া।

“রপ্তানি পর্যায়ে উৎস কর হতে আদায়ের পরিমাণ আশানুরূপ না হওয়া। বৃহৎ করদাতা ইউনিটের মাধ্যমে কম রাজস্ব আদায়। বিভিন্ন খাত বিশেষ করে সেবাখাত হতে উৎসে কর কর্তন কম হওয়া। বিগত কয়েক মাসে রাজনৈতিক কারণে পণ্যের আমদানি উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। তাছাড়া বিগত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার ৫ শতাংশ থেকে ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে আমদানি পর্যায়ের রাজস্বে প্রবৃদ্ধিতে এই নেতিবাচক প্রভাব পড়েছে।

“বিড়ি সিগারেট, ওষুধ, সিমেন্ট, বেভারেজ, পেট্রোলিয়াম গ্যাস ও অন্যান্য গ্যাস, নারিকেল তেল, এম এম রড, স্ক্র্যাপ, টাইলস খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় মূসক অনেকে কম আদায় হওয়া। সেবা খাতের মধ্যে মোবাইল ফোন, ব্যাংক, বীমা সংস্থা, হোটেল, ইন্টারনেট, ইজারাদার এর ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় মূসক কম আদায় হওয়া। আমদানি হ্রাসের কারণে অর্থ-বছরের প্রায় ৬ মাস এটিভি আদায় তুলনামূলকভাবে কম হওয়া।”

চট্টগ্রামের আরেক সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত বলেন, “মোবাইল এবং অনলাইন ব্যাংকিংয়ে যে সমস্ত জালিয়াতি বা প্রতারণার ঘটনা সরকারের দৃষ্টিগোচর হয়েছে তার অধিকাংশই ঘটেছে ব্যবহারকারীর আইটি প্রযুক্তি ব্যবহারে যথাযথ সচেতনতার অভাব কিংবা অসতর্কতার কারণে।”

একই প্রশ্নকর্তার আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “১৯৯১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শুল্ক বিভাগ চোরাকারবারীদের কাছ থেকে ২ হাজার ৪৭১ কেজি ৫ গ্রাম স্বর্ণ আটক হয়েছে, যার আটককালীন মূল্য ২২৫ কোটি ৪৮ লাখ ৭৫০ টাকা।”

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৩ সালে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর মুনাফার পরিমাণ ১ হাজার ৫৪৮ কোটি টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংক মুনাফা করেছে ১ হাজার ৪৫৬ কোটি ৫৭ লাখ টাকা।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ১ হাজার ২১৩ কোটি ৪ লাখ টাকা। এইচএসবিসি ব্যাংকের মুনাফা ৯৮৫ কোটি ৯২ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের ৯৪২ কোটি ৩৯ লাখ টাকা। পূবালী ব্যাংকের ৭৯৬ কোটি ৯৮ লাখ টাকা।

প্রাইম ব্যাংকের ৭৬৩ কোটি ১২ লাখ টাকা। ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৭১২ কোটি ৬৪ লাখ টাকা। সাউথইস্ট ব্যাংক মুনাফা করেছে ৭১২ কোটি ১২ লাখ টাকা এবং ব্রাক ব্যাংক মুনাফা করেছে ৬৩৬ কোটি ৩৩ লাখ টাকা।