২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট মাসে ২০ বিলিয়ন ডলারের রপ্তানি

দেশের রপ্তানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, যার শীর্ষে রয়েছে তৈরি পোশাক রপ্তানি থেকে আয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রায় দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের রপ্তানি আয় দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি।

আর লক্ষ্যমাত্রার চেয়ে দুই দশমিক ১৭ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার এ তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট এক হাজার ৯৮৩ কোটি ডলার আয় করেছে। এর মধ্যে ৮১ শতাংশের বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে।

গত অর্থবছরের একই সময়ে এক হাজার ৭৪০ কোটি ডলার রপ্তানি আয় দেশে এসেছিল।

জুলাই-ফেব্রুয়ারি সময়ে এক হাজার ৬১৪ কোটি ডলার এসেছে তৈরি পোশাক থেকে। এর মধ্যে উভেন পোশাক রপ্তানি থেকে এসেছে ৮২২ কোটি ৮৩ লাখ ডলার। আর নিট পোশাক থেকে এসেছে ৭৯১ কোটি ডলার।

তৈরি পোশাক খাতের এই আয় আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ১৩ শতাংশ বেশি। আর গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৭১ শতাংশ বেশি।

নিট পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। উভেনে বেড়েছে ৩ শতাংশ।

ইপিবি’র তথ্য অনুযায়ী, সর্বশেষ ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছে ২৩৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২২৪ কোটি ৬৫ লাখ ডলার। মাসিক হিসাবে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ দশমিক ৩৬ শতাংশ।

তবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

অন্যান্য খাতের মধ্যে জুলাই-ফেব্রুয়ারি সময়ে হিমায়িত মাছ রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ২৩ শতাংশ, কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ।

কাঁচা চামড়া রপ্তানি বেড়েছে ৪৪ দশমিক ৩৩ শতাংশ, চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ৫০ শতাংশ।

এছাড়া ওষুধ রপ্তানি ২৩ দশমিক ৫৭ শতাংশ ও সিরামিক রপ্তানি ৩০ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।

তবে পাট ও পাটজাত পণ্য রপ্তানি ২০ দশমিক ৭১ শতাংশ কমেছে।