কৃষক বাঁচাতে জন-মূল্য কমিশন গঠন : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ভূমিকা না নিলে কৃষি অর্থনীতি অলাভজনকই থেকে যাবে বলে মন্তব্য করে কৃষক বাচাঁতে জন-মূল্য কমিশন গঠনের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, দেশের কৃষক ও ভোক্তা সবাইকেই রেহাই দিতে হবে। আর এজন্য বাজারকে স্থিতিশীল রাখতে সরকারের কাজ করতে হবে।
বাজারকে স্থিতিশীল করতে না পারলে ফটকাবাজদের হাত থেকে রেহাই পাওয়া যাবে না বলে মন্তব্যও করেন জাসদ সভাপতি।
তিনি বলেন, “কৃষিপণ্যের বাজার কৃষক বান্ধব করতে হলে ধারাবাহিকভাবে নজর রাখা দরকার। এক্ষেত্রে আমাদেরকে আবহাওয়া, মৌসুম এবং আন্তর্জাতিক বাজারকে গুরুত্ব দিতে হবে।”
ইনু বলেন, “মুক্তবাজার অর্থনীতির বিশৃঙ্খলা থেকে কৃষিকে রক্ষা করতে জাতীয় জন-মুল্য কমিশন গঠন ও খাদ্য অধিকার আইন জরুরী।”
সর্বদলীয় সরকারের পক্ষ থেকে তিনি এই আইন গঠনের উদ্যোগ নিয়েছেন বলেও মতবিনিময় সভায় জানান।
পাশাপাশি বর্তমান সরকার আলোচনার মাধ্যমে কমিশন ও খাদ্য অধিকার আইন গঠনে খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মত বিনিময় সভায় আরো বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আক্তার, নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, বিআইডিএস’র গবেষক নাজনীন আহমেদ, প্রমুখ ।
