১৮৪ কোটি টাকায় ৪০ পৌরসভায় পয়ঃনিষ্কাশন সুবিধা
সরকার দ্বিতীয় দফায় সাত বিভাগের ৪০ পৌরসভায় নিরাপদ পানি ও পরিবেশ সম্মত পয়ঃনিষ্কাশন সুবিধা দেবে। এতে ব্যয় হবে ১৮৪ কোটি টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০০৭-০৮ অর্থবছরে ৩৮টি পৌরসভায় প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হয়।
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, ৬১৫ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
৪০ পৌরসভায় নিরাপদ পানি ও পয়:নিস্কাশন প্রকল্পের আওতায় ১২টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ১২টি ওভারহেড ট্যাংক, ১৫০০টি ওয়াটার পয়েন্ট এবং ৬০টি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।
এছাড়া ১০০টি টেস্ট টিউবওয়েল, ৫০টি প্রোডাকশন টিউবওয়েল, ৫০টি পাম্পহাউজ এবং বিভিন্ন ব্যাসের ৪৪০ কিমি পাইপলাইন স্থাপন করা হবে বলে প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সভায় চলমান ‘নকলা-নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন’ প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়। সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি টাকা। মূল প্রকল্পে ব্যয় ধর হয়েছিল ১৭১ কোটি টাকা।
অনুমোদিত অন্যান্য প্রকল্প হল- সরকারি শিশু পরিবারের হোস্টেল নির্মাণ (৮ ইউনিট) প্রকল্প, “স্টাবলিশমেন্ট অব শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ’, গোপালগঞ্জ এবং কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়ক উন্নয়ন (সংশোধিত) প্রকল্প।
সবগুলো প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক এর অন্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
