২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি বাজার ব্যবস্থাপনা উন্নয়নের পরামর্শ

সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে মনে করেন সংশ্লিষ্টরা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 08:32 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

এজন্য কৃষি বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সরকারকে বিশেষ নজর দেয়ার আহবান জানিয়েছেন তারা।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে দেশের দক্ষিণাঞ্চলের কৃষি নিয়ে আয়োজিত এক কর্মশালায় এই আহ্বান জানানো হয়।

উৎপাদিত পণ্যের দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করে কর্মশালায় বাগেরহাট সদরের কৃষক আকিম উদ্দিন বলেন, “কান ধরছি, শশার আবাদ আর করব না। খরচ তো দূরের কথা, ভ্যান ভাড়াও ওঠে না।”

বাংলাদেশ খাদ্য নিরাপত্তার দ্বারপ্রান্তে হলেও কৃষকদের অবমূল্যায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক জাফর আহমেদ।

তিনি বলেন, “যাদের অবদানে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাদেরকে অবমূল্যায়ন কোনোভাবেই কাম্য নয়। সরকারের উচিত কৃষকদের রক্ষায় সঠিক পদক্ষেপ নেয়া।”

তবে সাম্প্রতিক সময়ে আলুর দাম না থাকায় চাষিদের অতিরিক্ত আলু চাষে নিরুৎসাহ করার পক্ষে মত দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবু হানিফ মিয়া।

এজন্য তার অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

কৃষকদের বাঁচাতে বাজার ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি পণ্যের বহুমুখী ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক।

তিনি বলেন, “আমরা মূলত কৃষি পণ্যের একমুখী ব্যবহারে অভ্যস্ত। এ জায়গা থেকে বেরিয়ে এসে বহুমুখী ব্যবহার শুরু করতে হবে।”

এতে কৃষি পণ্যের বহুমুখী ব্যবহার পণ্যের ন্যায্য মূল্য রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক বাবর কবিরের সভাপিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক শফিউল আলম ভূইয়া প্রমুখ।

কর্মশালার শুরুতে দেশের দক্ষিণাঞ্চলের কৃষির উন্নয়নে ব্র্যাকের পদক্ষেপ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির কর্মসূচি প্রধান সিরাজুল ইসলাম।