সক্ষম নিরক্ষরদের অক্ষরজ্ঞান দেবে সরকার
দেশের সক্ষম জনগোষ্ঠীর নিরক্ষর অংশকে সাক্ষর করার উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এ বিষয়ে বড় একটি প্রকল্প অনুমোদন করেছে তারা।
এতে ব্যয় ধরা হয়েছে সাড়ে চারশ কোটি (৪৫৩) টাকারও বেশি।
বলা হচ্ছে, দেশে ১৫ থেকে ৪৫ বছর বয়সী সাড়ে তিন কোটি নিরক্ষরের প্রায় সাত ভাগের এক ভাগকে (৪৫ লাখ) এই প্রকল্পের মাধ্যমে অক্ষর জ্ঞান দেয়া যাবে।
২০১৮ সালের জুন পর্যন্ত এই প্রকল্প চলবে। সব জেলায় প্রকল্প চলবে। অর্ধেকের বেশি উপজেলায় (২৫০) এই উপ আনুষ্ঠানিক শিক্ষা চলবে।
সরকারের ঘোষণা অনুযায়ী, “২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের অঙ্গীকারের প্রেক্ষাপটে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।”
কার্যপত্রে বলা হয়েছে, “১১ থেকে ৪৫ বছর বয়সী সাড়ে তিন কোটি নিরক্ষরকে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার সুযোগ নেই।
“উপ আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এদেরকে শিক্ষার দ্বিতীয় সুযোগ প্রদান করা সম্ভব।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব মতে, দেশে সাক্ষর মানুষ ১০০ জনে ৬০ জন।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
এতে দেশের গ্যাস খাতের উন্নয়নে প্রায় দুইশ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
জয়দেবপুর সিজিএস (সিটি গেইট স্টেশন)-এ ৩০০ মিলিয়ন সিএফডি গ্যাস প্রবাহ বৃদ্ধির মাধ্যমে জয়দেবপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর, চন্দ্রা-কালিয়াকৈর-ঢাকা ইপিজেড-টংগী এলাকাসমূহে গ্যাসের ঘাটতি পূরণ ও গ্যাস বিতরণ ব্যবস্থার উন্নয়ন এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের ব্যাংখা করেন।
তিনি বলেন, সভায় মোট ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে মোট ৯৬১ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ৭৬৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ১৯৮ কোটি টাকা বিভিন্ন সংস্থার নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।
সভায় অনুমোদিত অন্য চারটি প্রকল্প হচ্ছে- ৮৪ কোটি ৪০ লাখ টাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, ১১৮ কোটি টাকার উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণ, ৩৪ কোটি ৪১ লাখ টাকার এনজিও বিষয়ক ব্যুরোর ভবন নির্মাণ এবং ৭৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের আখের ছোবড়া (ব্যাগাজ)থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেকের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
