২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পখাতে ঋণ বিতরণ বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় শিল্পখাতে প্রায় ১২ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 09:49 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে শিল্পখাতে ৮০ হাজার ৩৫৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭১ হাজার ৫৮২ কোটি ৯৯ লাখ টাকা।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমাবদ্ধতার মধ্যেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্পখাতে চাহিদামাফিক ঋণের যোগান দিতে পেরেছে। এতে ঋণ বিতরণে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।”

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে শিল্পখাতে খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস শেষে শিল্পখাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ২৯৩ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৫২৫ কোটি ৯৪ লাখ টাকা।

সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় শিল্পখাতে তার কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করেন মাছুম পাটোয়ারী।

তবে শিল্পখাত থেকে ঋণ আদায়ও গত ছয়মাসে বেড়েছে।

জুলাই-ডিসেম্বর সময়ে ঋণ আদায় হয়েছে ৭৪ হাজার ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকা, আগের বছর একই সময়ে ছিল ৫৭ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা।

এই হিসাবে শিল্পঋণ আদায়ে প্রবৃদ্ধি ২৯ দশমিক ৯৫ শতাংশ।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এঅর্থবছরের প্রথম ছয় মাসে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় মেয়াদি শিল্পঋণ বিতরণ এক দশমিক ৭৭ শতাংশ হ্রাস পেলেও আদায়ের পরিমাণ বেড়েছে ২৪ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।