২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ জামানতের দলিলপত্রের জন্য অনুমতি লাগবে না

স্থানীয় ঋণ গ্রহীতার কাছ থেকে বিদেশি ঋণের বিপরীতে জামানতের দলিলপত্র নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 11:45 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে এ সংক্রান্ত নীতিমালা শিথিল করেছে।

বিদেশ থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে দেশের উদ্যোক্তাদের সাধারণত ঋণের বিপরীতে জামানত দিতে হয়।

এক্ষেত্রে বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর করসপন্ডেন্ট প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় কোনো ব্যাংক জামানত গ্রহণ করে। এজন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলো কাস্টডিয়ান সার্ভিস পেয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, “বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটি যেসব ঋণ অনুমোদন করবে তার বিপরীতে স্থানীয় ঋণ গ্রহীতার জামানতের দলিলপত্র নিতে ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না।”

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটি যেহেতু সব দিক (বিশেষকরে প্রতিষ্ঠান ঋণ মান, আয় ক্ষমতা, জামানত) যাচাই-বাছাই করে ঋণ অনুমোদন করে, সেহেতু ওই ঋণের জামানতের দলিলপত্র রাখার জন্য ব্যাংকগুলোকে আলাদা অনুমোদন নেয়ার দরকার নেই।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, ২০১২-১৩ অর্থবছরে এই কমিটি ১৮২ কোটি ১০ লাখ ডলার বৈদেশিক ঋণ অনুমোদন করেছে, যা আগের ২০১১-১২ অর্থবছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি। ওই সময়ে এই কমিটি ১০৪ কোটি ডলার ঋণ অনুমোদন করে।