৫ বছরের অর্থনৈতিক পরিকল্পনা বৃহস্পতিবার
আগামী পাঁচ বছরের জন্য সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।
তৃতীয়বারের মতো অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি।
এসময় অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।
মুহিত বলেন, “আগামী বৃহস্পতিবার আমরা সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের নিয়ে বসে আগামী পাঁচ বছরের পরিকল্পনা করে ফেলব।”
দেশের সহিংস হরতাল-অবরোধের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, “গত কিছুদিনে সন্ত্রাস হয়েছে। এই নৈরাজ্য শেষের দিকে, এ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।”
অর্থমন্ত্রী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সময় রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরে কর আদায় কমে যাওয়ার আশঙ্কার কথা বলেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।
“গত বছরের ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা কম কর আদায় হয়েছে। কর আদায়ে রাজনৈতিক অস্থিরতা নেতিবাচক প্রভাব ফেলেছে। আমার মনে হয়, এর আগে কখনো এরকম হয়নি।”
চলতি অর্থবছরে এক লাখ ৩৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। গত নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৪১ হাজার ৭৬৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও গত অর্থবছরের নভেম্বর পর্যন্ত তুলনায়, রাজস্ব আদায়ে ১৪ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব আদায়ে আমাদের লক্ষ্যমাত্রা খুব উচ্চাভিলাষী ছিল না। গতবছর লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আদায় হওয়ায় এবার লক্ষ্যমাত্রা বেশি মনে হচ্ছে।”
“এটা (লক্ষ্যমাত্রা) হয়তো পূরণ করতে হবে। এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হবে।”
