২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদা পতাকা নিয়ে দাঁড়াবেন ব্যবসায়ীরা

হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ‘সাদা পতাকা’ নিয়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 10:26 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানিয়েছে।

শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প-বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদে এবং শান্তির দাবিতে এফবিসিসিআইয়ের উদ্যোগে দেশের সব জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন, বিভিন্ন দোকান মালিক সমিতি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের প্রধান সড়কে সাদা পতাকা নিয়ে দাঁড়িয়ে ‘প্রতিবাদ বন্ধন’ কর্মসূচি পালন করা হবে।

দেশের সব স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকায় মতিঝিলে এফবিসিসিআইর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণার সময় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, চলমান রাজনৈতিক সহিংসতা, হরতাল ও অবরোধের প্রতিবাদে এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে ১৫ ডিসেম্বর দেশের সব জেলা চেম্বার, অ্যাসোসিয়েশন, বিভিন্ন দোকান মালিক সমিতির সদস্যরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রধান সড়কে সাদা পতাকা নিয়ে দাঁড়িয়ে ‘প্রতিবাদ বন্ধন’ কর্মসূচি পালন করবেন।

তিনি জানান, এ কর্মসূচি উপলক্ষে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সামনে প্রতিবাদ মঞ্চ তৈরি করা হবে, যেখানে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেবেন।

কাজী আকরাম বলেন, “সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা হয়। আমরা সাদা পতাকা উড়িয়ে বলতে চাই, আমরা ধ্বংসের বিরুদ্ধে আত্মসমর্পণ করলাম।”