ছুটির দিনে ব্যাংক খোলা, লেনদেন ‘গড়পরতা’
বিরোধীদলের টানা অবরোধ কর্মসূচির পর শুক্রবার ছুটির দিনেও খোলা ছিল সব ব্যাংকের সব শাখা। তবে লেনদেন ছিল স্বাভাবিকের চেয়ে কম।
রাজধানীর বেশ কিছু ব্যাংকের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাভাবিক দিনের তুলনায় গড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ লেনদেন হয়েছে।
ঢাকা ব্যাংকের মতিঝিলের বৈদেশিক মুদ্রা শাখার সিনিয়র অফিসার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিনেও কিছু কিছু গ্রাহক এসেছেন। তবে মোট লেনদেন খানিকটা কম হয়েছে।”
এসআইবিএলের কর্মকর্তা আব্দুল করিম বলেন, “কিছু গ্রাহক টাকা জমা করেছেন। আবার কেউ কেউ টাকা তুলেছেন। আবার কিছু এলসিও খোলা হয়েছে।”
ব্যাংকটির প্রিন্সিপাল শাখায় প্রায় ৫০ লাখ টাকা জমা হয়েছে, আর প্রায় ২৫ লাখ টাকা তুলেছেন গ্রাহকরা, জানান আব্দুল করিম।
প্রাইম ব্যাংকের জয়দেবপুর শাখার কর্মকর্তা বজলুর রহমান জানান, “স্বাভাবিক দিনের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ লেনদেন হয়েছে।”
একই ব্যাংকের মহাখালী শাখার কর্মকর্তা মিঠু জানিয়েছেন তাদের শাখায় উল্লেখ করার মতো লেনদেন হয়নি।
সোনালী ব্যাংকের লোকাল অফিসের কর্মকর্তা মোহাম্মাদ হাসান বলেন, “সাধারণ গ্রাহকদের দেখা যায়নি। বিশেষ প্রয়োজন আছে এমন কিছু গ্রাহক এসেছেন।”
এদিকে আজ সব ব্যাংক খোলা থাকার পাশাপাশি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কারণে অনেক ব্যাংক কর্মকর্তা বিপাকে পড়েছেন। ব্যাংকিং খাতের এই বিশেষ ডিপ্লোমা পরীক্ষায় ৩২ হাজার পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল।
তবে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন এসআইবিএলের কর্মকর্তা শিশির।
কারণ হিসেবে তিনি বলেন, “এই পরীক্ষার জন্য সারা দেশে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র নেই। অধিকাংশ কেন্দ্রই ঢাকায়। শনিবার থেকে টানা তিনদিনের অবরোধ থাকায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এছাড়া আজকে আবার ব্যাংক খোলা রাখা হয়েছে।”
শুক্রবার খোলা ছিল বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড ক্লিয়ারিং হাউজ।
দেশে ৫৬টি তফসিলি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের দেশব্যাপী প্রায় ১১ হাজার শাখা আছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে জনস্বার্থে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা শুক্রবার খোলা রাখার নির্দেশ দেয়।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত সপ্তাহে টানা ছয় দিন অবরোধ কর্মসূচি পালন করেছে। এতে সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা ব্যাংকে লেনদেন ঠিকমত করতে পারেননি। এছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এক্ষেত্রে প্রার্থী ঋণ তথ্য একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ব্যাংক থেকে দেয়া হয়।
এ কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
