২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যমূল্যে রাজনৈতিক অস্থিরতার প্রভাব

হরতাল ও অবরোধের মতো কর্মসূচির প্রভাবে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। নাভিশ্বাস ওঠেছে নিম্ন আয়ের মানুষের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, শাক-সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, চাল, ডাল, মসলাসহ সব ধরনের পণ্যের দাম গত এক সপ্তাহে আরো বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, হরতাল, অবরোধের মতো নৈরাজ্যকর রাজনৈতিক কর্মসূচিতে স্বাভাবিক পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায়ই মূলত পণ্যমূল্য বাড়ছে। এছাড়া কোন কোন পণ্যের মৌসুম শেষ হওয়ার কারণও দাম বাড়ায় প্রভাব রেখেছে।

চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ১০ দিন হরতাল আর শেষ সপ্তাহে এসে তিনদিনের টানা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

এতে পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরিই ভেঙে পড়েছে বলে জানান কারওয়ান বাজারের আড়ৎদার সিদ্দিকুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল, অবরোধের কারণে চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যপক সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে। যা পণ্যমূল্যকে প্রভাবিত করেছে।”  

এতে ক্ষতির মুখে পড়ছেন উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা, সরবরাহকারীসহ সবাই। উৎপাদকরা পণ্য বিক্রি করতে পারছেন না। ব্যবসা বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সরবরাহকারীরা বাড়াচ্ছেন ভাড়া। আর এর সবকিছুর ভার নিতে হচ্ছে ভোক্তাদের।  

সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা অনুযায়ী এক মাস আগে যেসব সরু চাল ৩৬ থেকে ৫০ টাকা দরে বিক্রি হতো তা এখন বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৫৪ টাকা দরে। মাঝারি মানের চাল যা ৩৫ থেকে ৩৭ টাকা দরে পাওয়া যেতো তা এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। মোটা চাল যা সর্বোচ্চ ৩২ টাকা বিক্রি হচ্ছিল এক মাসের ব্যবধানে দুই টাকা বেশি দরে বিক্রি হচ্ছে তা।

যদিও ইতোমধ্যে আমনের নতুন চাল বাজারে আসতে শুরু করেছে।

শীতের আগে পাম তেলের দাম কমে আসার প্রবণতা থাকলেও এবার এর দাম খানিকটা বেড়েছে। মূলত সরবরাহে ঘাটতি হওয়ায় দাম বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

কেজিতে ৫ টাকা বেড়েছে আমদানি করা মসুর ডালের দাম। এক মাস আগে ১২০ টাকা কেজি দরে নেপাল থেকে আমদানি করা ডাল মিললেও এখন তা বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। আর দেশি মসুর ডালের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে এখন ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আলুর দাম কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। এজন্য সরবরাহ ঘাটতির পাশাপাশি মৌসুম শেষ হওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা।

যদিও এসময়ে পেঁয়াজের দর কিছুটা কমেছে। এক মাস আগে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দর সর্বোচ্চ ১১০ টাকা পর্যন্ত ওঠলেও বর্তমানে তা কমে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

বেড়েছে আদা, রসুনের দাম। এক মাস আগে প্রতি কেজি দেশি রসুন ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। আর ৬৫ টাকার আমদানি করা রসুন এখন কিনতে হচ্ছে ৮০ টাকায়। ১২০ থেকে ১৫০ টাকা দরের আদা এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা দরে।

বেড়েছে ব্রয়লার মুরগীর দামও। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগী ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে ছিলে ১২০ থেকে ১২৫ টাকা।

মাঝে কিছুদিন ডিমের দাম কমে হালিপ্রতি ২৬ থেকে ২৮ টাকায় নামলেও এখন আবার তা বেড়ে ৩০ টাকায় ঠেকেছে। বেড়েছে দেশি জাতের মাছের (বিলের মাছ) দামও।

দুধের সরবরাহ ঠিক না থাকায় কোম্পানি পর্যায়ে দাম না বাড়লেও খুচরা পর্যায়ে তা বেড়েছে। পাড়া মহল্লার বিভিন্ন খুচরা দোকানে হরতাল বা অবরোধের সময় পাস্তুরিত তরল দুধ পৌঁছাতে পারেনি কোম্পানিগুলো। এই সুযোগে কোন কোন দোকানি ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম ১০ টাকা পর্যন্ত বেশি রাখছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকার বেশি দরে। যাত্রাবাড়ী পাইকারি বাজারের আড়ৎদার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন দিন কোন ধরনের পণ্য আসতে পারেনি। ফলে দাম না বাড়ার কোন কারণ নেই।”

গোপীবাগ রেলগেট বাজারের সবজি বিক্রেতা মিন্টু বলেন, “গত কয়েকদিন ধরে পাইকারি বাজারে মালামাল আসছে। যা পাওয়া যাচ্ছে সেগুলো বেশি দামে কিনতে হচ্ছে। এজন্য আমাদের কিছু দাম বাড়াতে হয়েছে।”