শীর্ষ রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কার দেবে কেন্দ্রীয় ব্যাংক
সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ১০ জন প্রবাসী বাংলাদেশীকে পুরস্কার দেবে বাংলাদেশ ব্যাংক।
সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ‘এনআরবি ডাটাবেজ’ বিভাগ চালুর অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান এ কথা জানান।
প্রবাসীদের তথ্যভাণ্ডার গড়ে তোলার জন্য এই বিভাগ চালু করা হয়েছে।
আতিউর রহমান বলেন,“প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার কারণে মজুদ শক্তিশালী হচ্ছে। যে কারণে বাংলাদেশ বিদেশিদের সামনে মাথা উঁচু করে কথা বলে। অনেকক্ষেত্রে বিদেশি দাতাদের অনেক প্রস্তাব গ্রহণযোগ্য না হলে আমরা ফিরিয়ে দিচ্ছি।”
তিনি বলেন, “এজন্য আমি স্বপ্ন দেখি যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারি ১০ জনকে বাংলাদেশ ব্যাংক পুরস্কৃত করবে।”
এ বছর থেকেই এই পুরস্কার চালু করতে সহকর্মীদের সহযোগিতা চান আতিউর।
ইতালি প্রবাসী হোসনে আরা, বাহরাইন প্রবাসী মোবারক হোসেন এবং কানাডা প্রবাসী সুব্রত কুমার তাদের ব্যক্তিগত তথ্য বিভাগে পেশ করেন। এর মাধ্যমে এই বিভাগের কার্যক্রম চালু হয়।
অনুষ্ঠানে হোসনে আরা বলেন,“এই তথ্য ভাণ্ডারের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। একইসঙ্গে দেশে প্রবাসীদের জন্য সরকার কী সুবিধা দিচ্ছে তা একসঙ্গে সবাই জানতে পারবেন।”
দেশে অর্থ পাঠানো, বিনিয়োগের সুযোগ এবং প্রবাসীদের জন্য সরকারি সুবিধার নানা পরামর্শও এই বিভাগে দেওয়া হবে।
এর মাধ্যমে প্রবাসীরা তাদের অভিযোগ ও বিভিন্ন মতামত জানাতে পারবেন। নিজেদের মধ্যেও যোগাযোগ করতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক মোঃ আহসানউল্লাহ, সুধীল চন্দ্র দাস বক্তব্য রাখেন।
সরকারি হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে ৮০ লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন।
বিদেশ থেকে তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০১২-১৩ অর্থবছরে প্রবাসীরা সাড়ে ১৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
