২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ অবলোপন: আর্থিক প্রতিষ্ঠানের  জন্যও শিথিল

ব্যাংকের পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্যও ঋণ অবলোপন নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 10:44 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফাইন্যানশিয়াল ইনস্টিটিউট অ্যান্ড মার্কেটিং বিভাগ থেকে এই সংক্রান্ত সার্কুলার জারি করে তা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ৭ নভেম্বর ব্যাংকগুলোর ঋণ অবলোপন নীতিমালায় শিথিল করে সার্কুলার জারি করা হয়।

নতুন নীতিমালা অনুযায়ী ৫০ হাজার টাকার নিচের খেলাপি ঋণ অবলোপন করার জন্য আদালতে মামলা করার দরকার হবে না। 

এর আগে জানুয়ারি মাসে এক সার্কুলারের মাধ্যমে ঋণ অবলোপনের একটি নীতিমালা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

নীতিমালায় বলা হয়েছে, “মন্দ বা ক্ষতিজনক মানের খেলাপি হয়েছে এরকম ঋণ অবলোপন করতে হলে ১০ শতাংশ প্রভিশন রেখে তা আদায়ে আদালতে মামলা করতে হবে।”

মামলা দায়ের ও পরিচালন ব্যয় বেশি হওয়ায় ব্যাংকগুলো ক্ষুদ্র অংকের ঋণের বেলায় মামলা করছে না।

কারণ হিসেবে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, এসব মামলার খরচ ঋণের মোট পরিমাণের চেয়ে বেশি।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এ যুক্তি বিবেচনায় নিয়ে নতুন এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তাতে বলা হয়েছে, “৫০ হাজার টাকার কম অংকের ঋণ মন্দ বা ক্ষতিজনক পর‌্যায়ের খেলাপি হলে তা অবলোপন করার জন্য আদালতে মামলা করতে হবে না।”

তবে ঋণ অবলোপনের অন্যান্য নীতিমালা অপরিবর্তিত থাকবে।