২০১২-১৩ অর্থবছরে ৩ হাজার কোটি টাকা পরিশোধ
গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব ব্যাংকের প্রায় ৩ হাজার কোটি টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার বিএনপির অনুপস্থিত সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
২০১২-১৩ অর্থবছরে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর কাছে কী পরিমাণ ঋণ পেয়েছে ও ডিসবার্সমেন্ট হয়েছে সে তথ্যও তুলে ধরেন মন্ত্রী।
মুহিত জানান, আইএমএফ ব্যালেন্স অব পেমেন্টে সাপোর্ট- এর জন্য বাংলাদেশ ব্যাংকে ঋণ দেয়। গত অর্থবছরে এর আওতায় ৩ হাজার ৩১৮ কোটি টাকা [ডিসবার্সমেন্ট] ছাড় পেয়েছে। বিশ্ব ব্যাংক হতে ছাড় পেয়েছে ৬ হাজার ২৮ কোটি টাকা। এরমধ্যে ঋণ ৫ হাজার ২৯৩ কোটি টাকা এবং অনুদান ৭৩৫ কোটি টাকা। পাওয়া অর্থ স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষি খাতে ব্যয় হয়েছে।
“২০১২-১৩ অর্থবছরে আইএমএফকে ঋণের জন্য ৭৫০ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে বিশ্বব্যাংকে পরিশোধের পরিমাণ ২ হাজার ৯৩১ কোটি টাকা। এরমধ্যে আসল ২ হাজার ২৯১ কোটি টাকা এবং সুদ ৬৪০ কোটি টাকা।”
বিএনপির রেহানা আক্তারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার ২০০৯ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৩২ হাজার ৬৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। এরমধ্যে পরিশোধ করেছে ১ লাখ ৪৪ হাজার ৭৯৮ কোটি টাকা।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে মুহিত জানান, বর্তমান সরকারের আমলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা ২১ কোটি ৫৫ হাজার ৩৯৪ টাকা ফেরত আনা হয়েছে।
আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৪৬৯ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের বিনিয়োগের তুলনায় ২৭৪ মিলিয়ন মার্কিন ডলার বেশি।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, ঢাকা ও ঢাকার বাইরে টেলিটকের বিটিএসের ক্ষমতা বাড়িয়ে গ্রাহক ধারণ ক্ষমতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। সম্প্রসারণের আওতায় আরও ৭০০ বিটিএস স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটি শেষ হলে ৪৪৮টি উপজেলা টেলিটকের নেটওয়ার্কের আওতায় আসবে।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
