২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাতাদের বৈঠকে ১৮০ কোটি ডলার দেয়ার আশা’

বিশ্ব ব্যাংক ও আইএমএফ এ বছর বাংলাদেশকে ১৮০ কোটি ডলার (প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা) ঋণ দেয়ার আশা দিয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 11:13 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে ৫০ কোটি ডলার, উপকূলীয় সুরক্ষা খাতে ৪০ কোটি ডলার এবং বিদ্যুৎ উন্নয়ন খাতে ৫০ কোটি ডলার দেয়ার আশা দিয়েছে বিশ্ব ব্যাংক ও আইএমএফ।

এছাড়া আরো কয়েকটি প্রকল্পে তারা আরো ৪০ কোটি ডলার দিতে পারে বলে জানিয়েছে।

“আজ (রোববার) আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডের সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বৈঠক হয়েছে। ক্রিস্টিন বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করেন এবং এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানও ওই বৈঠকে অংশ নেন বলে ইআরডি সচিব জানান।

তিনি বলেন, অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হোয়েরোর সঙ্গেও বৈঠক করেছেন।

“বৈঠকে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে বিশ্ব ব্যাংকের অব্যাহত সহায়তার জন্য অর্থমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন।”

গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকেই বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করছে।”

বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ৯ অক্টোবর অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে পৌঁছায়।