২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছরে বিদেশি ঋণ ২৮ হাজার কোটি টাকা

বিদেশি উৎস থেকে বেসরকারি খাতের উদ্যোক্তারা গত চার বছরে ২৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 10:38 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

ব্যাংকিং খাতে সুদের হার নিয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

সাড়ে ৪ থেকে ৫ শতাংশ সুদে নেয়া এসব বিদেশি ঋণ ব্যাংকিং খাতে সুদ হার কমাতে অবদান রেখেছে বলে জানান গভর্নর।

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করে, যাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন।

আতিউর রহমান বলেন, বৈদেশিক উৎস থেকে ব্যবসায়ীরা এখন সাশ্রয়ী সুদহারে (৪.৫-৫ শতাংশ) ঋণ সুবিধা গ্রহণ করতে পারছে। কেন্দ্রীয় ব্যাংক গত চার বছরে (২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত) বৈদেশিক উৎস থেকে পাওয়া ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার (২৭ হাজার ৯৫৩ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে।

“এই ঋণের অধিকাংশই এসেছে টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ ও টেক্সটাইল খাতে। এই স্বল্প সুদের বৈদেশিক ঋণ দেশের আর্থিক বাজারের ঋণের সুদহার কমাতে সহায়তা করছে। এই ঋণ যোগ করলে সামগ্রিকভাবে ঋণের গড় ভারিত সুদহার ১৩ দশমিক ৫৬ থেকে কমে ১৩ শতাংশে এসে দাঁড়াবে।”

কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, বিগত কয়েক মাসে আমানতের সুদহারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ ব্যাংকের স্থায়ী বা মেয়াদি আমানতের সুদহার এখন ১১ দশমিক ৫০ শতাংশ।মেয়াদি শিল্প ঋণ খাতে সুদহার ১৫ দশমিক ৫ শতাংশ ।

লিখিত বক্তব্যে গভর্নর বলেন, ব্যাংকগুলোর স্প্রেডও (ব্যাংক ঋণ ও আমানতের সুদ হারের মধ্যে ব্যবধান বা পার্থক্য) ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর সমন্বিত স্প্রেড ৫ দশমিক ৩৩ শতাংশ থেকে এবছরের অগাস্ট শেষে ৫ দশমিক ০১ শতাংশ হয়েছে।

বেসরকারি ও বিদেশি ব্যাংকের পরিচালন ব্যয় বেশি থাকায় তাদের স্প্রেড তুলনামূলক বেশি। ঋণের গড় ভারিত  সুদহার ২০১২ সাল শেষে ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ, যা আগস্ট শেষে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৬ শতংশে।

আতিউর বলেন, সুদের হার নির্ভর করে মূলত ব্যাংকগুলোর তহবিল সংগ্রহ খরচ, প্রশাসনিক ব্যয়, প্রভিশন ব্যয়, মুনাফার মার্জিন ইত্যাদি উপাদানের ওপর।

সম্প্রতি ঋণ শ্রেণীবিন্যাস ও প্রভিশনিং নীতিমালা আন্তর্জাতিক মানে উন্নীত করার ফলে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রভিশন খরচও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, “তাছাড়া আমাদের ব্যাংকিং খাতে কাঙ্খিত মাত্রার দক্ষতা না আসায় ব্যাংকগুলোর প্রশাসনিক ব্যয়ও অত্যধিক। পক্ষান্তরে ব্যাংকগুলোর উচ্চ পরিচালন ব্যয় ঋণের ওপর উচ্চ মাত্রায় সুদহার ধার্যের একটি অন্যতম প্রভাবক বলে প্রতীয়মান হয়।”

এ কারণে পরিচালন ব্যয় পরিমিত রাখার জন্যে অত্যধিক উচ্চমূল্যের বিলাসবহুল যানবাহন ও অফিসসজ্জা ক্রয় পরিহারসহ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আতিউর।