গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন রোববার
গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় গঠিত ‘গ্রামীণ ব্যাংক কমিশন’ রোববার চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কমিশন তাদের রিপোর্ট দিতে আরও এক মাস সময় চেয়েছিল। আমি তাদের দ্রুত জমা দিতে অনুরোধ করেছিলাম। কাল (রোববার) তারা তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে।”
এরই মধ্যে কেন্দ্রীয় বাংকের কাছে আর্থিক হিসাব দেয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ ইউনূস। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের মার্চে তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইউনূস আদালতে গেলেও ওই পদে ফিরতে পারেননি।
গ্রামীণ ব্যাংক ভবন
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় সবেক সচিব মামুনুর রশিদকে প্রধান করে ২০১২ সালের মে মাসে একটি কমিশন গঠন করে সরকার।
এ বছরের ২৬ অগাস্ট কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়, যাতে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করা হয় বলে গণমাধমে খবর প্রকাশিত হয়।
