স্ফীত হচ্ছে রিজার্ভ, ডলার কেনা অব্যাহত
টাকার মান ধরে রাখতে বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে টাকার মান বাড়িয়ে রাখার- এই উদ্যোগকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ।
তাদের আশঙ্কা, এরফলে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দখল করে নিতে পারে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের আড়াই মাসেই একশ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে গত চার মাসেরও বেশি সময় ধরে টাকা-ডলারের বিনিময় হার একই জায়গায় স্থির রয়েছে।
মার্কিন ডলারের বিপরীতে টাকাকে শক্তিশালী রাখতে ভাসমান (ফ্লোটিং) মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আরো স্ফীত হচ্ছে।
বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ আবারও ১৬ বিলিয়ন ডলারের পৌঁছেছে। গত অর্থবছরের পুরো সময়ে ডলার কেনা হয়েছিল ৪৮০ কোটি ডলার।
বাজার থেকে ডলার কেনার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, রপ্তানি আয় ও প্রকল্প সাহায্য বাড়ায় এবং আমদানি ব্যয় কমায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে।
এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার না কিনলে বাংলাদেশি টাকার মান বেড়ে যাবে। সেক্ষেত্রে রেমিটেন্স ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।
এ সব বিবেচনাতেই গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও বাজার থেকে ডলার কেনা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে বাজার থেকে ডলার কিনে টাকার মান বাড়িয়ে রাখার- কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ভালো চোখে দেখছেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভারতে ডলারের বিপরীতে রুপির মান কমছে। বাংলাদেশে বাজার থেকে ডলার কিনে টাকার মান বাড়িয়ে রাখা হচ্ছে। ভারত সরকার তাদের দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই রুপির বিপরীতে ডলারকে শক্তিশালী হতে দিচ্ছে।”
এর ফলে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দখল করে দিতে পারে বলে তার আশঙ্কা।
কারণ ব্যাখ্যা করে ফরাসউদ্দিন বলেন, “আমাদের টাকা শক্তিশালী হওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। অন্যদিকে রুপির দর কমায় সেদেশে জিনিসপত্রের দাম কমে যাবে। সে কারণে ভারতীয় পণ্য বেশি আসবে।
“এমনিতেই আমরা ভারত থেকে প্রচুর পণ্য আমদানি করি। আগামীতে এর পরিমাণ আরো বেড়ে যাবে। অবৈধ পথেও আসবে।”
বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ৬১ টাকা ৭৪ পয়সায় ডলার কিনেছে। এক সপ্তাহ আগে এই দর ছিল ৬৩ টাকা ৯০ পয়সা। চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় রুপির বিপরীতে ডলারের দর ৬৭ টাকা পর্যন্ত উঠেছিল। চার মাস আগে (৫ মে) এই রুপির দর ছিল ৫১ টাকা।
২০০৩ সালে বাংলাদেশে ভাসমান মুদ্রা বিনিময় ব্যবস্থা (ফ্লোটিং) চালু হয়। অর্থ্যাৎ বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা বাজারের উপর ছেড়ে দেয়া হয়। তবে মাঝে-মধ্যেই বাজারে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ডলার-টাকার বিনিময় হার ‘ঠিক’ করে দিত। সে ধরেই লেনদেন হতো।
তিনি বলেন, “মানুষ না খেয়ে যাতে না মরে- সে পরিমাণ খাদ্য আমদানির জন্য প্রয়োজনীয় রিজার্ভ জমা থাকলেই যথেস্ট। কিন্তু বাম্পার ফলনের কারণে আমাদের গুদামগুলোতে ১৫ লাখ টনের বেশি খাদ্য মজুদ আছে। আগামী এক-দেড় বছরে কোনো খাদ্য আমদানি করতে হবে না।
সে হিসাবে বেশি রিজার্ভ ধরে রাখা ‘বোকামি’ ছাড়া আর কিছু নয় বলে মনে করেন ফরাসউদ্দিন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৮৮ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ সাড়ে ১৫ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। গত কয়েক দিনে তা বেড়ে আবার ১৬ বিলিয়ন ডলারে (১৫ দশমিক ৯৮ বিলিয়ন) উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসে (পহেলা জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত) একশ কোটি ডলার বাজার থেকে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাজারে ডলারের সরবরাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক ‘তা’ কিনছে বলে জানান তিনি।
“তবে সাম্প্রতিক সময়ে পণ্য আমদানির এলসি খোলার পরিমাণ বেড়ে যাওয়ায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে। সে কারণে গত দুই দিনে কেন্দ্রীয় ব্যাংকে কেউ ডলার বিক্রি করতে আসেনি।”
২০১২-১৩ অর্থবছরে পুরো সময়ে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।
ছাইদুর রহমান বলেন, “বেশ কিছুদিন ধরে টাকা-ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে। ভারতের মুদ্রাবাজারে বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে। আমাদের এখানে সেটা নেই।”
‘এটা বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো’ বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ প্রসঙ্গে ছাইদুর রহমান বলেন, “রুপির দর এখন প্রতিদিনই কমছে। সে কারণে এ বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রতি ডলার ৭৭ টাকা ৭৫ পয়সায় বিক্রি হয়েছে। গত চার মাস ধরে এই একই দামে ডলার বিক্রি হচ্ছে।
