৬ মাসে এক লাখ হিসাব খুলেছে স্কুলশিক্ষার্থীরা
মাত্র ছয় মাসের ব্যবধানে প্রায় এক লাখ ব্যাংক হিসাব খুলেছে স্কুল শিক্ষার্থীরা।
স্কুল ব্যাংকিং বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুই বছর আট মাসে সারা দেশে দুই লাখ ২৪ হাজার ৭১৯ স্কুল শিক্ষার্থী ব্যাংক হিসাব খুলেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকগুলোতে ১২৮ কোটি ৪৭ লাখ টাকা জমা করেছে।
২০১০ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের ব্যাংক হিসাব খোলার জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেয়।
স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং সঞ্চয়ের মাধ্যমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার মাধ্যমে দেশের আর্থিক সেবাভুক্তি বৃদ্ধির লক্ষ্যে বিশেষ গুরুত্বের সঙ্গে স্কুল ব্যাংকিং প্রচলন করে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ডিসেম্বর শেষে ৪৫টি ব্যাংকে রক্ষিত মোট হিসাবের সংখ্যা ছিল এক লাখ ৩৩ হাজার। ওই সময় এসব হিসাবের বিপরীতে মোট স্থিতি ছিল টাকা ৯৬ কোটি ৫১ লাখ টাকা। গত জুন শেষে ৪৬টি ব্যাংকে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৭১৯ টি এবং এর বিপরীতে মোট স্থিতি ১২৮ কোটি ৪৭ লাখ টাকা।
বর্তমানে প্রতি হিসাবের বিপরীতে গড় স্থিতি প্রায় টাকা ৫ হাজার ৭১৬ টাকা।
সরকার মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে চার হাজার ২৭০টি হিসাব রয়েছে শিক্ষার্থীদের।
আর বিশেষায়িত ব্যাংকগুলোতে রয়েছে চার হাজার ২৭৯টি, বেসরকারি ব্যাংকগুলোতে দুই লাখ ১৫ হাজার ৫৯৭টি এবং বিদেশি ব্যাংকগুলোতে ৫৯৭টি হিসাব রয়েছে।
সদ্য লাইসেন্স পাওয়া ৯টি ব্যাংক এখনও স্কুল ব্যাংকিং শুরু করেনি।
