২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাম কমলো

সরকারের মেয়াদের শেষ সময়ে এসে ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া সারের দাম কেজিতে চার টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 03:51 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

রোববার সচিবালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, “বর্তমানে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য স্থিতিশীল থাকায় ফসলের উৎপাদন খরচ কমানো ও টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে ইউরিয়া সারের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে”

রোববার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে মন্ত্রী জানান।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ইউরিয়া সারের দাম ১২ টাকা থেকে বাড়িয়ে কেজিতে ২০ টাকা করেছিল।

এখন আবার দাম কমানোর ফলে বছরে অতিরিক্ত ৬৮০ কোটি টাকা খরচ হবে বলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম নাজমুল ইসলাম জানান।

তিনি জানান, বর্তমানে বছরে সাড়ে ২৪ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে ১৭ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।

বর্তমান সরকার ক্ষমতায় এসে নন-ইউরিয়া সারের দাম তিন দফা কমিয়েছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, “আমাদের বিশ্বাস, স্থিতিশীল কৃষি উৎপাদনের স্বার্থে সরকার সময়মতো কার্যকর পদেক্ষপ নিয়েছে, ভবিষ্যতেও আমরা কৃষকের পাশে থাকব।”

গত সাড়ে চার বছরে সরকার টিএসপি সারের দাম কেজিতে ৮০ টাকা থেকে তিন ধাপে কমিয়ে ২২ টাকায়, মিউরিয়েট অব পটাশের (এমওপি) দাম ৭০ টাকা থেকে ১৫ টাকায় এবং ডিএপি সারের দাম ৯০ টাকা থেকে কমিয়ে ২৭ টাকায় নামিয়ে এনেছে বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, “প্রতি বছর কৃষি জমি কমলেও কৃষকরা উৎপাদন বাড়িয়েছে।”

বিগত সরকারের সময় সার নিয়ে কৃষকদের হয়রানির কথা মনে করিয়ে দিয়ে কৃষিমন্ত্রী বলেন, “খুব সাবধানতার সঙ্গে সারের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা কৃষককে শোষণ করতে চাই না।”

ভোটের কথা চিন্তা করেই সরকার শেষ সময়ে এসে সারের দাম কমালো কিনা- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মতিয়া বলেন, “বিএনপি তো এই কাজ করতে পারত, কেন করেনি? বিএনপির সময় সারের জন্য ১৮ জন কৃষককে প্রাণ দিতে হয়েছে। ইলেকশনের আগে বলে কোনো কথা নয়।”

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যেও সার উৎপাদন হয়। সেখানে অস্থিরতার কারণে সারের মূল্য বাড়ে। এছাড়া গ্যাস সংকটের কারণেও দেশে প্রভাব পড়ে।

“বিএনপির সময় একটি গ্যাসক্ষেত্রও আবিষ্কার হয়নি, আমাদের সময় গ্যাসক্ষেত্র আবিষ্কারের ফলে সঙ্কট কমে এসেছে। সারের দাম কমেছে।”