২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আন্তর্জাতিক উন্নয়ন কর্মশালা রোববার শুরু

এশিয়া অঞ্চলের সম্পদ দিয়ে এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা বা ‘কমন অ্যাকশন প্লান’ নিয়ে ঢাকায় তিন দিনের কর্মশালা শুরু হচ্ছে রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 01:08 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি’র সচিব আবুল কালাম আজাদ এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান, ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডা নির্ধারণে এশিয়া অঞ্চলের দৃষ্টিভঙ্গিও এ কর্মশালায় ঠিক করা হবে।

ইআরডি’র অতিরিক্ত সচিব আরাস্তু খান বলেন, “পৃথিবীর উন্নয়নের ধরণ পরিবর্তন হয়েছে। যারা দাতা ছিল তারা অনেকেই এখন সংকটে। এ পেক্ষাপটে এশিয়ার গরীব দেশগুলোর উন্নয়নে চীন, জাপানসহ বড় দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। বিষয়গুলো নিয়েই কর্মশালায় আলোচনা হবে।”

প্রথম দিন রোববার সকালে সোনারগাঁও হোটেলে ‘২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা ও বুসান পার্টনারশিপের উপর আন্তর্জাতিক কর্মশালা’র উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

কর্মশালায় এশিয়া ও এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া, মিয়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, ফিজি, পাপুয়া নিউগিনি, তিমুর লিস্তেসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মশালার সিদ্ধান্ত ও মতামত ২০১৪ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বৈশ্বিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সভায় তুলে ধরা হবে, যা ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা নির্ধারণে এশিয় অঞ্চলের দৃষ্টিভঙ্গি ও মতামত তুলে ধরতে সহায়তা করবে।