কৃষিব্যবস্থা যন্ত্রায়নে প্রকল্প
দেশের কৃষি খাতকে আধুনিক যান্ত্রিক কৃষি ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ নামের এ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ২৫ শতাংশ সরকারি বিনিয়োগে ৩২ হাজার কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পসহ মোট ৭৪৭ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পটি দুই পর্যায়ের। এর প্রথম পর্যায়ে ৩৫টি জেলার কৃষকদের মাঝে প্রায় ৪০ হাজার যন্ত্রপাতি সরবরাহ করা হয়।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, দেশে কৃষি শ্রমিকের সংখ্যা অব্যাহতভাবে কমে যাওয়ার কারণে জমি চাষ, শস্যরোপন, কর্তন ও মাড়াইসহ যাবতীয় কাজে কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করার উদ্দেশ্যেই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
“এর মাধ্যমে শস্য উৎপাদন খরচ হ্রাস, শস্য নিবিড়তা বৃদ্ধি ও শস্যের কর্তন পরবর্তী অপচয় ১৪ থেকে ৫ শতাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। চলতি জুলাই মাসে প্রকল্পের কাজ শুরু হবে। শেষ হওয়ার কথা ২০১৮ সালের জুনে।
বৈঠকে কৃষি খাতের উন্নয়নে আরেকটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ‘বাংলাদেশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নামের এই প্রকল্পের আওতায় ৪০টি মার্কেট ও ৮০টি কালেকশন সেন্টার নির্মাণ এবং মার্কেট সংযোগদানকারী ১৪০ কিলোমিটার পল্লী সড়ক উন্নয়ন করা হবে।
এছাড়া ২০০০ হেক্টর জমির সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি টাকা। এরমধ্যে ইউএসএআইডি’র কাছ থেকে ১২৬ কোটি টাকার অনুদান হিসেবে পাওয়া যাবে।
এলজিইডি কুষ্টিয়া জেলা ব্যতিত খুলনা ও বরিশাল বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরিয়তপুর জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈঠকে ৭৪৭ কোটি টাকার ৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ৪৭৭ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ২৭০ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ১০২ কোটি টাকার জাতীয় সমুদ্র গবষেণা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, ৫৬ কোটি টাকার পানি ভবন নির্মাণ, ২৬ কোটি টাকার করতোয়া নদীর ডান তীর সমন্বতি বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প, ১৬৮ কোটি টাকার সাসেক রোড কানেকটিভিটি প্রকল্প এবং ৮০ কোটি টাকার রিকাবীবাজার-রামপাল-দিঘিরপাড়-বাংলাবাজার-মুন্সীগঞ্জ সদর- নয়াগাঁও-মুক্তারপুর সড়ক উন্নয়ন প্রকল্প।
