বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের তথ্য নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বাণিজিক ব্যাংকগুলো যেসব বৈদেশিক মুদ্রা হিসাব(এফসি একাউন্ট) খুলেছে সেগুলোর লেনদেনের তথ্য নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
দৈনিক ভিত্তিতে এসব অ্যাকাউন্টে কি ধরনের লেনদেন হচ্ছে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হচ্ছে। ১ জুলাই থেকে ব্যাংকগুলো নিয়মিত তথ্য পাঠাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. আহসানউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা অনলাইনে মনিটরিং শুরু করছি। এটি তারই অংশ। মূলত মনিটরিং বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।”
কর্মকর্তারা জানান, সব ধরনের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার হয় না। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়িক অথবা নিজস্ব প্রয়োজনে বৈদেশিক মুদ্রা হিসাব খুলতে পারে।
তবে বিদেশি অনুদান, প্রকল্প সহায়তা, ঋণ, বিদেশ থেকে এককালীন বিপুল অর্থ নিয়ে আসার মতো বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে হিসাব খুলতে হয়। বর্তমানে এ ধরনের প্রায় ৬০০ হিসাব চালু রয়েছে।
সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা এ ধরনের হিসাব খুলে থাকে। বিদেশ থেকে তাদের হিসাবে বিপুল পরিমাণ অর্থ আসে। তবে পরে তা কোন কাজে কোথায় ব্যয় হয়, তার হিসেব সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে থাকে না। এজন্যই এসব হিসাব মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।
