২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামে প্রযুক্তি সুবিধা পৌঁছাতে প্রকল্প অনুমোদন

গ্রামাঞ্চলে তথ্য যোগাযোগ ও আধুনিক প্রযুক্তি সুবিধা সম্প্রসারণে পাঁচশ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 12:28 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।

‘অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন’ নামে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৯৯ কোটি টাকা। এর পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে। এটি বাস্তবায়িত হলে উপজেলা তথা গ্রাম পর্যায়ে তথ্য যোগাযোগ ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারিত হবে বলে প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্পটি দেশের ৬৪টি জেলার ২৯০টি উপজেলায় বাস্তবায়িত হবে। বাকি ১৭৯টি উপজেলার কয়েকটিতে ইতোমধ্যে বিটিসিএল অপটিক্যাল ফাইবার সংযোগ এবং অন্যগুলোতে বিভিন্ন প্রকল্পের আওতায় সংযোগের ব্যবস্থা করা হয়েছে।

ভৌগলিক অবস্থান অনুকূলে না হওয়ায় ভোলা সদর, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, বাঘাইছড়ি, লংগদু জুরাইছড়ি, বিলাইছড়ি, বরকল এবং বরিশালের মুলাদী, মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবে না।

২০১৫ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা কমিশনের সচিব ভূইয়া শফিকুল ইসলাম জানিয়েছেন, বৈঠকে প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় এটি আরও বড় পরিসরে বাস্তবায়নের জন্য বৈদেশিক সাহায্য প্রাপ্তির প্রচেষ্টা চালাতে পরিকল্পনা কমিশন নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া বৈঠকে ১৬০ কোটি টাকার ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ পরিচালনার জন্য আধুনিক যন্ত্রপাতি ও উদ্ধার বাহন সংগ্রহের লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়।

চলতি বছরের জুলাই মাসে এ প্রকল্পের কাজ শুরু হবে। শেষ হওয়ার কথা রয়েছে ২০১৫ সালের জুনে।

পরিকল্পনা সচিব বলেন, সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে ৮৮৬ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের পুরোটাই সরকার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারসহ অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে-  ৪০ কোটি টাকা ব্যয়ে কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প, ২৬ কোটি টাকার বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্প, ১০৩ কোটি টাকার ভোলা জেলার লালমোহন উপজলোয় ঝুঁকিপূর্ণ অংশে নদী তীর সংরক্ষণ, ২৮ কোটি টাকার আরডিএ প্রযুক্তি ব্যবহার করে ভূ-উপরিস্থ পানি দ্বারা সেচ এলাকা উন্নয়নের মাধ্যমে পল্লী জীবিকায়ন উন্নয়ন এবং ৩১ কোটি টাকা ব্যয়ে ‘এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব সেরিকালচার ইন বাংলাদেশ’ প্রকল্প।