২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস: অগ্রণী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

আগামী ২০ জুনের মধ্যে এবিষয়ে বিস্তারিত জানাতে বলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদকে একটি চিঠি দেয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ভোক্তা স্বার্থ সংরক্ষণ সেল (সিআইপিসি) থেকে ওই চিঠি পাঠানো হয়।

৩১ মে শুক্রবার বিকালে রাজধানীর ১৫টি কেন্দ্রে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের শত শত অভিযোগ প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের জমা হচ্ছে জানিয়ে চিঠিতে বলা হয়েছে, “অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বেশ স্পর্শকাতর। এমতাবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ উক্ত পরীক্ষা বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে তা আগামী ২০ জুনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।”

এবিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সন্ধ্যায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় এবিষয়ে সিদ্ধান্ত হবে। এখনো পর‌্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার অভিযোগের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের কিছু তথ্য-প্রমাণও কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসেছে, যেগুলো অগ্রণী ব্যাংকে পাঠানো চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে।

নিয়োগ পরীক্ষার দিন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, এমনকি বিভিন্ন ফটোকপির দোকানে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া গিয়েছে বলে অভিযোগ করেন অনেক পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে এসএমএস করে উত্তর সরবরাহের অভিযোগ উঠেছে। এছাড়া পরীক্ষা গ্রহণে নানা অব্যবস্থাপনার বিষয়ে পরীক্ষার্থীদের নানা অভিযোগও সংবাদপত্রে প্রকাশ হয়েছে।