‘উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নযোগ্য’
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তার প্রতিটি বাজেটই উচ্চাভিলাষী ছিল এবং তিনি তা বাস্তবায়ন করেও দেখিয়েছেন।
শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বাজেট উচ্চাভিলাষী হলেও ‘অত্যন্ত বাস্তবায়নযোগ্য’।
বাজেট নিয়ে বিভিন্ন পত্রিকার শিরোনাম তুলে ধরে মন্ত্রী বলেন, “এটা উচ্চাভিলাষী বটেই। আপানারা জানেন আমার সব বাজেটই উচ্চাভিলাষী ছিল। তবে তা বাস্তবায়ন করে দেখিয়েছি। এ নিয়ে ব্যাখ্যা দেয়ার কোনো প্রযোজন নেই। আমার সব বাজেটই জনতুষ্টির বাজেট।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারের শেষ বছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যাতে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।
২০১৩-১৪ অর্থবছরের এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা আসবে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে।
বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে।
প্রথা অনুযায়ী বাজেটের পরদিন মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারের জ্যেষ্ঠ কর্মকতাদের নিয়ে সাংবাদিকদের সামনে আসেন অর্থমন্ত্রী।
এ বিষয়ে পরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ও আগামী সরকারের মাঝখানে নির্বাচনকালীন অন্তবর্তী সরকার থাকলেও তাতে বর্তমান সরকারের একটি ‘শক্ত অবস্থান’ থাকবে।
নির্বাচনের বছরে বাজেটের রাজস্ব আয়ের লক্ষমাত্রা পূরণ নিয়ে সংশয়ের জবাবে তিনি বলেন, “অর্থায়নের ব্যবস্থা নেই-এমন মন্তব্য ভ্রান্তিমূলক। বিদেশি সাহায্য অন্যবারের তুলনায় বেশি ধরা হয়েছে কারণ এ বছর সাহায্য আসার পরিমাণ লক্ষ্যণীয়। আগামী বছর আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি।”
গত ৫ বছরে সরকার যে রাজস্ব আদায় করে দেখিয়েছে, গত ৩০ বছরেও তা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
মোবাইল ফোনের সিমকার্ড আমদানিতে শুল্ক বেশি হওয়ায় বাজারে একটি কোম্পানির মনোপলি সৃষ্টি হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমাদের উদ্দেশ্য এই মনোপোলি ভাঙ্গা, যাতে অন্যরাও সমান সুযোগ পায়।”
পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে প্রযোজ্য কর্পোরেট করের পার্থক্য কমিয়ে আনার জন্যই এর পরিমাণ ৩৫ শতাংশ থেকে থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোকে বর্তমানে ৪৫ শতাংশ কর্পোরেট কর দিতে হয়।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর দুই পাশে বসেছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পেছনের সারিতে বসেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ, পরিকল্পনা সচিব ভূইয়া সফিকুল ইসলাম এবং অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার চক্রবর্তী।
দর্শক সারিতে সামনে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ।
বিকেল সোয়া ৪টায় শুরু হয়ে আড়াই ঘণ্টার সংবাদ সম্মেলনে প্রায় ৩০ জন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন মুহিত।
নিউজপ্রিন্টের শুল্ক বৃদ্ধি
সংবাদ সম্মেলনের শুরুতেই এক সাংবাদিক নিউজপ্রিন্ট আমদানির শুল্ক বাড়ানোর সমালোচনার করেন। জবাবে মুহিত বলেন, “স্থানীয় শিল্পকে সহায়তা দিতে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে।”
তিনি বলেন, দেশে এখন এক লাখ ২০ হাজার টন নিউজপ্রিন্ট উতপাদন হয়। অথচ সংবাদপত্র শিল্পে এর চাহিদা ৫০ হাজার টন।
সস্তা দামে বিদেশি কাগজ আমদানি করে দেশীয় শিল্পের ক্ষতি করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। “তবে আমি বাজেটে প্রস্তাব করেছি। সংসদ সদস্যরা যদি মানেন তাহলে থাকবে।”
প্রস্তাবিত বাজেটে সংবাদপত্র ও প্রকাশনা শিল্পে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
‘এটা মহাদুঃখ’
মহাজোট সরকারের মেয়াদে দেয়া পাঁচ বাজেট উপস্থাপনের দিন বিরোধী দল সংসদে অনুপস্থিত থাকায় দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, “এটা অত্যান্ত দুঃখ। এটা জাতীয় ট্র্যাজেডি।এটা মহাদুঃখ।”
মুহিত বলেন, “আমার মতো আত্মতৃপ্তি মানুষের সংখ্যা খুব কম আছে। আমি স্বীকার করছি গড় সাড়ে চার বছরে রাজস্ব, শিক্ষাসহ অন্যান্য খাতে যে উন্নতি হয়েছে; বিনিয়োগের ক্ষেত্রে তা হয়নি। আর এই বিনিয়োগের প্রতিফলন জিডিপি পড়েনি।”
বাজেটে প্রত্যাশিত ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “আমার উচ্চাভিলাষ থেকে এটা অনেক কম। বিনিয়োগ বাড়ানোর জন্য বাজেটে যে সব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে এই লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন সম্ভব।”
চলতি ২০১২-১৩ অর্থবছরে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ থেকে ৬ দশমিক ৮ শতাংশেল মধ্যে থাকবে বলে জানান তিনি।
উচ্চ পর্যায়ে দুর্নীতি কমেছে
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়নি- এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী কিছুটা উম্মা প্রকাশ করে বলেন, “আমি জোর দিয়ে বলছি উচ্চ পর্যায়ে দুর্নীতি নেই। স্থানীয় পর্যায়ে দুর্নীতি আছে। তবে এটা জোর দিয়ে বলতে পারি দুর্নীতির দাপট ব্যাপকভাবে প্রশমিত হয়েছে।”
“দুর্নীতির অভিযোগে বিএনপি সরকারের সময়ে অনেক বিদেশ বিনিয়োগকারী দেশ থেকে চলে গেছে। অনেক চুক্তি বাতিল হয়েছে। আমাদের সময়ে একটি চুক্তিও বাতিল হয়নি। একজনও চলে যায়নি।”
