২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিনিয়োগ কমবে, ধারণা অর্থমন্ত্রীর

চলতি বছর নির্বাচন থাকায় বেসরকারি বিনিয়োগ কমবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 08:13 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি নিজের এই আশঙ্কার কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমান বছরে নির্বাচনী হাওয়ার কারণে বেসরকারি বিনিয়োগকারীরা কিছুটা ইতস্তত করছে। ফলে বেসরকারি বিনিয়োগ হয়তো কিছুটা হ্রাস পাবে।

“কিন্তু সরকারি বিনিয়োগ বেড়ে যাওয়ার ফলে এই বছরে দেশে জিডিপি’র শতাংশ হিসেবে বিনিয়োগ হচ্ছে ২৬ দশমিক ৮৫ শতাংশ, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।”

মুহিত বলেন, “বিনিয়োগ বৃদ্ধিতে আমরা যথেষ্ট এগিয়েছি। এক্ষেত্রে মনে রাখা দরকার যে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ দ্বীপ নই। আমাদের নিকটস্থ এলাকায় ও বিশ্ব অর্থনীতিতে যে বিপর্যয় গত চার বছর ধরে চলছে সে হিসেবে আমরা খুবই ভাল করেছি।”

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়ছে। ২০১১ পঞ্জিকা বছরে এফডিআই প্রবাহ ছিল ১১৩ কোটি ৬০ লাখ ডলার এবং ২০১২-তে তা বেড়ে ১৭০ কোটি ডলার হয়েছে।

বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের পদক্ষেপগুলোও তুলে ধরেন অর্থমন্ত্রী।

“অপ্রদর্শিত আয়কে বিনিয়োগে ব্যবহার করার জন্য এদেশে বহুবার নানা ধরনের সুবিধা দেয়া হয়েছে। কিন্তু তাতে কখনো তেমন ফল পাওয়া যায়নি। আমরা এখন আইন করেছি যে, অপ্রদর্শিত আয়ে যে করহার প্রযোজ্য তার সঙ্গে ১০ শতাংশ অর্থাৎ আয়ের আড়াই শতাংশ জরিমানা দিয়ে উক্ত আয় বিনিয়োগ করা যায়।”

“এছাড়া ঢালাওভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য যে কর রেয়াত দেয়া হয় তা ব্যাপকভাবে সম্প্রসারণ করার প্রস্তাব করেছি। আয়ের ৩০ শতাংশ বিনিয়োগ করলে এখন থেকে আয় বা কর্পোরেট করের ওপর ১৫ শতাংশ হারে রেয়াত পাওয়া যাবে।”