তারপরও মুহিতের ‘নতুন উদ্যোগ’
সাফল্য না থাকলেও বাজেটে ‘নতুন উদ্যোগ’ নেয়ার চেষ্টা সরকারের শেষ বছরেও চালু রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর আগে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ‘ভিক্ষাবৃত্তি অবসানের’ জন্য প্রথমে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সরকারের মেয়াদ শেষ হলেও এ প্রকল্পের তেমন কোনো অগ্রগতি নেই।
২০১০-১১ অর্থবছরে সংস্কৃতি বিকাশ কার্যক্রমের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২০১১-১২ অর্থবছরে জাতীয় আর্ট গ্যালারি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। এজন্য বাজেটে বরাদ্দও দেয়া হয়।
চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে নারী-বান্ধব এসএমই বিনিয়োগের জন্য ১০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়। যদিও নারী উদ্যোক্তারা অভিযোগ করছেন, অর্থায়ন নিয়ে জটিলতার কারণে তাদের উদ্যোগগুলো সফল হচ্ছে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেও বলেছেন, “আমাদের সরকারের প্রত্যেকটি বাজেটে আমরা নতুন কিছু উদ্যোগ নেয়ার চেষ্টা করেছি।… এ রকম উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রাখলেও পুরোপুরি কার্যকর হয়নি।”
“তবে আরো উদ্যোগের জন্য এবার বরাদ্দ রয়েছে অর্থ বিভাগের বাজেটে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এসব উদ্যোগকে পুরোপুরি কার্যকর করা। বাস্তবায়নে অবশ্য খাতভিত্তিক মন্ত্রণালয়কেই কাজ করতে হবে”, বলেন মুহিত।
২০০৯-১০ অর্থবছরে সরকারের প্রথম বাজেটে সরকারি-বেসরকারি অংশীদাতিত্ব(পিপিপি) প্রকল্প নিয়ে অর্থমন্ত্রী অনেক আশার কথা শোনালেও শেষ বাজেটে এসে তার বাজেট বক্তৃতায় তেমন কোন বক্তব্য নেই।
বাজেট বক্তৃতার ‘অঙ্গীকার বাস্তবায়ন সার্বিক পর্যালোচনা’ অংশে পিপিপি বিষয়ে অর্থমন্ত্রী দুটো সুপারিশ করেছেন। কিন্তু আগামী অর্থবছরে এ খাতে কি বরাদ্দ আছে বা আদৌ কোনো বরাদ্দ রাখা হয়েছে কি না তা নিয়ে কোনো ষ্পষ্ট বক্তব্য নেই।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, “পিপিপি সংক্রান্ত কর্মসূচি নিয়ে আমি আমার প্রথম বাজেটেই অনেক আশাবাদ ব্যক্ত করি এবং দ্বিতীয় বছরে এ বিষয়ে নীতিমালা ও কৌশল প্রণয়ন করা সম্ভবপর হয়। নতুন দপ্তরকে প্রতিষ্ঠা করতে অনেক সময় চলে যায়। এ কারণে এই কার্যক্রম বেশ দেরিতে শুরু হয়েছে।”
পিপিপি আইন বর্তমানে মন্ত্রিসভার বিবেচনায় আছে জানিয়ে মুহিত বলেন, ইতোমধ্যে প্রকল্প নির্বাচনের কাজে গতি এলেও পিপিপি কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিক পরীক্ষা করে প্রকল্প নির্ধারণ, প্রকল্প তালিকাভুক্তকরণ, প্রকল্পের জন্য সমীক্ষা চালানো এবং উপদেষ্টা নিযুক্তি ও প্রকল্পের কার্যক্রম শুরু করা ‘অত্যন্ত জরুরি’।
ইতোমধ্যে পিপিপির অধীনে কি পরিমাণ প্রকল্প নির্ধারিত হয়েছে তার একটি চিত্রও বাজেটে তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি জানান, এ বছর মে মাসের মধ্যভাগ পর্যন্ত প্রকল্প নির্ধারিত হয়েছে ৩০টি, তালিকাভুক্ত হয়েছে ১৭টি, উপদেষ্টা নিযুক্তি হয়েছে ১৪টিতে এবং কার্যক্রম শুরু হয়েছে ছয়টিতে।
“আগামী বছরে এই সংখ্যা হবে যথাক্রমে ৩৫, ৩০ এবং ২০টি”, বলেন অর্থমন্ত্রী।
মহাজোট সরকারের প্রথম অর্থবছরে পিপিপি খাতে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এর পরের দুটি অর্থবছরে ৩ হাজার কোটি টাকা করে বরাদ্দ রাখা হলেও সরকারের প্রথম তিন বছরে বরাদ্দ অর্থ খরচ হয়নি।
