২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের শেষ বছর ৭.২ শতাংশ প্রবৃদ্ধির আশা

সরকারের মেয়াদের শেষ বছরে ৭ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:39 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটেও একই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। অবশ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থবছরের নয় মাসের (জুলাই-মার্চ) হিসাব ধরে বছর শেষে ৬ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমরা আশা করছি, রাজস্ব ও মুদ্রা খাতে সৃষ্ট পরিসর যে অনুকূল পরিস্থিতির সৃষ্টি করবে, তাতে আগামী অর্থবছর ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে এবং ২০১৪-১৫ অর্থবছর নাগাদ তা ৮ শতাংশে উন্নীত হবে।

চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, শেষ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি কোনোভাবেই ৬ দশমিক ৩ ভাগের কম হবে না।

এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিবিএস নয় মাসের (মার্চ পর্যন্ত) হিসাব ধরে ২০১২-১৩ অর্থবছরের ৬ দশমিক শূন্য ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ভূট্টাসহ অনেক কিছুই হিসাবে ধরেনি বিবিএস। আমার বিশ্বাস, চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে।”

২০১১-১২ অর্থবছরে দেশে ৬ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।

এবার বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। আর রাজস্ব বাবাদে সরকার এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা পাবে বলে আশা করছেন মুহিত।  সেই হিসাবে ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ।