২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমুক্ত আয়সীমা দুই লাখ ২০ হাজার টাকা

নির্বাচনের বছর জনগণের ওপর চাপ কমিয়ে করজালের বিস্তৃতি বাড়াতে  করমুক্ত আয় সীমা শিথিল করার পাশাপাশি ন্যূনতম কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

নির্বাচনের বছর জনগণের ওপর চাপ কমিয়ে করজালের বিস্তৃতি বাড়াতে  করমুক্ত আয় সীমা শিথিল করার পাশাপাশি ন্যূনতম কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট প্রস্তাব  করেছেন, তাতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

অর্থ্যাৎ যাদের  বার্ষিক আয় দুই লাখ ২০ হাজার টাকার কম, তাদের আয়কর দিতে হবে না। চলতি বছরের বাজেটে ব্যাক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ছিল দুই লাখ টাকা।

আয়কর ও মুনাফার ওপর কর বাবদে আসন্ন অর্থবছরে মোট ৪৮ হাজার ২৯৭ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ শতাংশ বেশি। এই খাতে বিদয়ী অর্থবছরের সংশোধিত বাজেটে মোট ৩৫ হাজার ৩০০ কোটি টাকা আদায়ের কথা বলা হয়েছিল।

এছাড়া নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সের নাগরিকদের করমুক্ত আয় দুই লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত সীমা দুই লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

করমুক্ত আয়ের সীমা বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বৃহস্পতিবার অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে বলেন, “মূল্যষ্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রান্তিক করদাতাদের করভার লাঘব করা ইত্যাদি বিবেচনায় ২০১৩-১৪ অর্থবছরের জন্য ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করছি।”

এছাড়া বদলানো হচ্ছে ন্যূনতম করের কাঠামোও।

কর সনাক্তকারী নম্বরধারীদের (টিআইএন) মধ্যে  যারা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, তাদের আয় বছরে দুই লাখ ২০ হাজার টাকা না হলেও আগের মতোই ৩ হাজার টাকা আয়কর দিতে হবে।

আর জেলা শহরভিত্তিক পৌর এলাকার করদাতাদের ক্ষেত্রে ন্যূনতম আয়কর হবে ২ হাজার টাকা।

এছাড়া জেলা সদরের বাইরে অন্যান্য এলাকা এবং গ্রামীণ এলাকার করদাতাদের ন্যূনতম আয়কর ১ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মুহিত আশা করছেন, ন্যূনতম আয়করের এই কাঠামো গ্রাম অঞ্চলের করদাতাদের আয়কর দিতে উৎসাহিত করবে এবং করজাল সম্প্রসারণে ফলপ্রসূ ভূমিকা রাখবে।

এবার বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। আর রাজস্ব বাবাদে সরকার এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা পাবে বলে আশা করছেন মুহিত। এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে।