কৃষি উন্নয়নে সহায়তা দিতে চায় জাইকা
প্রথমবারের মতো বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে সহায়তা দিতে চেয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন-জাইকা।
ভারতের নয়া দিল্লিতে ইন্ডিয়া এক্সপো সেন্টারে চার দিনের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪৬তম বার্ষিক সভার প্রথম দিন বৃহস্পতিবার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল)নাকাহারা মাসাতাকা এ আগ্রহের কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের নেতৃত্বে কর্মকর্তারা তার সঙ্গে বৈঠক করেন।
গভর্নর সাংবাদিকদের বলেন, “জাইকা বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উন্নয়নে সহায়তা দিয়ে আসছে।তারা (জাইকা) এখন আমাদের কৃষি ঋণ উন্নয়ন বিষয়ক একটি প্রকল্পে সহায়তা করতে চায়।”
“আমরা জাইকার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি।কিছু দিনের মধ্যেই জাইকা ইআরডি’র কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বৈঠকে সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন,” বলেন তিনি।
বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার জাপান। সড়ক-যোগাযোগ, বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়নে তারা সহায়তা করে আসছে।
জাইকার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাইকা বাংলাদেশের পল্লী একাকায় বিদ্যুৎ খাতের উন্নয়নে সহায়তা দিয়ে থাকলেও এখন পরযন্ত কৃষি খাতের উন্নয়নের কোনো প্রকল্পে সরাসরি সহায়তা করেনি।
